Cvoice24.com

এসপি জাহাঙ্গীরের ফোনে আওয়ামী লীগ পুনর্বাসনের বার্তা, দায় নেবে না পুলিশ

সিভয়েস২৪ প্রতিবেদক
১৩:৫৮, ১৫ নভেম্বর ২০২৬
এসপি জাহাঙ্গীরের ফোনে আওয়ামী লীগ পুনর্বাসনের বার্তা, দায় নেবে না পুলিশ

ডিসেম্বরের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা এবং এ জন্য ‘জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা পাওয়া গেছে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মুঠোফোনে। এ ঘটনায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ও গ্রেপ্তারের পর তার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।

রবিবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএমপির কমিশনার এসব কথা বলেন।

কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটি সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিগত দায়। এর দায় পুলিশ বাহিনী নেবে না।

অন্যদিকে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী জানান, রাষ্ট্রদ্রোহের মামলা করার আগে সরকারের পূর্বানুমোদন নেওয়া হয়েছে। অনুমোদন পাওয়ার পর নগরের পাঁচলাইশ থানায় মামলাটি করা হয়। এরপর এসপি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তার জাহাঙ্গীর আলম বর্তমানে সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) হেফাজতে রয়েছেন। মামলাটির তদন্ত করবে এই ইউনিট। নিয়ম অনুযায়ী তাকে আদালতে হাজির করা হবে। মামলায় রাষ্ট্রদ্রোহিতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে কেউ সম্পৃক্ত হলে তার বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, এসপি জাহাঙ্গীর আলমের মুঠোফোনে দুটি গুরুত্বপূর্ণ বার্তা পাওয়া গেছে। এর একটিতে বলা হয়েছে, ‘ডিসেম্বরের মধ্যে আগের সরকারকে পুনর্বাসিত করা হবে’। অন্য বার্তায় বলা হয়েছে, ‘ডিসেম্বরে সবাই জান বাজি রেখে মাঠে নামবে’। এসব তথ্য মামলার এজাহারেও উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ পাওয়ার পর জাহাঙ্গীর আলমের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়। পরে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। তাকে সাময়িক বরখাস্ত এবং বিভাগীয় মামলা করার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।

মুঠোফোনে এসব তথ্য কীভাবে পাওয়া গেছে, জানতে চাইলে ডিআইজি বলেন, নির্ভরযোগ্য সূত্রে তথ্য পাওয়ার পর এসপি জাহাঙ্গীরের মুঠোফোন জব্দ করা হয়। পরে একটি তদন্ত কমিটি গঠন করে ফোনটির ফরেনসিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় সংশ্লিষ্ট তথ্যের সত্যতা পাওয়ার পর প্রতিবেদন তৈরি ও মামলা করার প্রক্রিয়া শুরু হয়।

পুলিশের অন্য কোনো কর্মকর্তা এ ঘটনায় জড়িত কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিস্তারিত তদন্তে বিষয়টি বেরিয়ে আসবে। নিয়মিত মামলার তদন্ত ও বিভাগীয় তদন্ত—দুই প্রক্রিয়াতেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুই থেকে তিন দিনের প্রাথমিক অনুসন্ধানে যতটুকু সত্যতা পাওয়া গেছে, তার ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, শনিবার (১৪ নভেম্বর) রাতে আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলাটি করেন। পরে নগরের পুলিশ অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। তিনি ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশে যোগ দেন।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর