কর্ণফুলী টানেলে ১০ হাজার ইয়াবাসহ ধরা ৪
আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী টানেল চেকপোস্টে ৯ হাজার ৯০০ ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন ঢাকার বাসিন্দা। অপরজনের বাড়ি বরিশালে।
রোববার দিবাগত রাতে টানেলের পূর্ব প্রান্তের টোল প্লাজাসংলগ্ন পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শিপন (৩৮), মো. রাইসুল ইসলাম রাতুল (২১), মো. সজিব (২৬) ও মো. রাকিব মিয়া (২৩)। তাঁদের মধ্যে শিপনের বাড়ি ঢাকার যাত্রাবাড়ীতে, রাতুল ও রাকিবের বাড়ি সবুজবাগে। সজিবের বাড়ি বরিশালের উজিরপুরে। তিনি ঢাকার বাসাবো এলাকায় থাকতেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে অভিযান চালানো হয়। এ সময় চারজনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁদের তল্লাশি করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৯ হাজার ৯০০ ইয়াবা উদ্ধার করা হয়।
আইনগত প্রক্রিয়া শেষে রোববার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














