জানুয়ারিতে বন্ড ছাড়ার পরিকল্পনা, আইএমএফের সঙ্গে সমন্বয় করবে সরকার
কক্সবাজার প্রতিনিধি, সিভয়েস২৪
আগামী জানুয়ারির শুরুতে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়ার পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি দেশে চলমান বড় ও গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়নে কঠোর নজরদারি করা হবে। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রবিবার (১৫ নভেম্বর) সকালে কক্সবাজারের একটি অভিজাত হোটেলে অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ঋণ সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, এলএনজি টার্মিনালসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এসব প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের তাগিদ দেওয়া হয়েছে। যারা এ ক্ষেত্রে ব্যর্থ হবেন, তাঁদের জবাবদিহির আওতায় আনা হবে।
বৈদেশিক ঋণ পরিশোধের চাপ ও সুদ ব্যয় বৃদ্ধি এবং উন্নয়ন অর্থায়নের উৎসে পরিবর্তনের কারণে ঋণ ব্যবস্থাপনায় নতুন কৌশল খুঁজছে সরকার বলেও জানান অর্থমন্ত্রী।
আইএমএফের ঋণ কর্মসূচি থেকে সরকার সরে আসছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার এ কর্মসূচি থেকে সরে যাচ্ছে না। বরং দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও সরকারের নিজস্ব পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে আইএমএফের শর্ত ও কর্মসূচির সমন্বয় করা হচ্ছে। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে এ প্রক্রিয়া শেষ হবে বলে আশা করা হচ্ছে।
অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক, এডিবি ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সঙ্গে উন্নয়ন পরিকল্পনা সমন্বয়ের কাজ চলছে। একই সঙ্গে আইএমএফের সঙ্গেও আলোচনা হচ্ছে। দেশের অগ্রাধিকার ও অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নয়ন সহযোগীদের কর্মসূচি এগিয়ে নিতে চায় সরকার।
আগের সরকারের সময়ে আইএমএফের সঙ্গে যেসব শর্তে সম্মতি দেওয়া হয়েছিল, বর্তমান নির্বাচিত সরকারের পক্ষে সেগুলো রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব নয় বলে মন্তব্য করেন আমির খসরু। তিনি বলেন, হঠাৎ করে এসব শর্ত কার্যকর করা হলে সাধারণ মানুষের ওপর চাপ বাড়তে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি।
আইএমএফের সঙ্গে যেসব বিষয়ে মতপার্থক্য রয়েছে, সেগুলো সমাধানে দুটি কার্যদল কাজ করছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, আলোচনার মাধ্যমে কর্মসূচির প্রয়োজনীয় সমন্বয় করা হবে। এ কর্মসূচি থেকে সরে যাওয়ার কোনো সিদ্ধান্ত সরকারের নেই।
সম্মেলনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কক্সবাজার সব খবর















