Cvoice24.com

উখিয়ায় আরসার সেকেন্ড-ইন-কমান্ডসহ গ্রেপ্তার ২

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১৮:৫৪, ১৪ নভেম্বর ২০২৬
উখিয়ায় আরসার সেকেন্ড-ইন-কমান্ডসহ গ্রেপ্তার ২

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে পরিচিত নূর হোসেন (৩১) ও সংগঠনটির আরেক সদস্য মো. জুনায়েদকে (২৩) গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের গোলঘরসংলগ্ন একটি চায়ের দোকানের সামনের সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনই ১০ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আরসার সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে পরিচিত নূর হোসেন ও সংগঠনটির আরেক সদস্য জুনায়েদকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে উখিয়া থানায় দায়ের করা একটি মামলা রয়েছে। তারা ওই মামলার দীর্ঘদিনের পলাতক আসামি। গ্রেপ্তারের পর তাদের সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।