Cvoice24.com

আধিপত্যের দ্বন্দ্বে উখিয়ায় প্রকাশ্যে গুলি, গ্রেপ্তার ৪

কক্সবাজার প্রতিনিধি, সিভয়েস২৪
১৭:৩৫, ১২ নভেম্বর ২০২৬
আধিপত্যের দ্বন্দ্বে উখিয়ায় প্রকাশ্যে গুলি, গ্রেপ্তার ৪

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে মাদক ও চোরাচালানের নিয়ন্ত্রণ এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি দেশীয় তৈরি একনলা বন্দুক (ওয়ান শুটারগান), একটি বন্দুকের ব্যারেলের অংশ, ৪১ রাউন্ড কার্তুজ ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানো হলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এর আগে, বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া বটতলী বাজার এলাকায় দু’পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা ধরে গোলাগুলি হয়। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে গুলিবর্ষণ ও অস্ত্রের মহড়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল এলাকার সৈয়দ নুরের ছেলে মিজানুর রহমান ওরফে মিজান (৩৭), আব্দুস সালামের ছেলে সাখাওয়াত হোসেন ওরফে মুন্না (২৭), আরফাত হোসাইন ওরফে জিসান (২২) এবং আবু তাহের (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোলাগুলির ঘটনার পর উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদারের নেতৃত্বে পুলিশ, বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি) যৌথ অভিযান শুরু করে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে আঞ্জুমানপাড়ায় জাকের হোসেনের মাছের ঘেরের পূর্ব পাড় থেকে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ২টার দিকে আঞ্জুমানপাড়া পরিত্যক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়ির নিচে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের দেখিয়ে দেওয়া একটি সাদা বাজারের বস্তার ভেতর থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক, লোহার তৈরি একটি বন্দুকের ব্যারেলের অংশ, ৪১ রাউন্ড কার্তুজ ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়।

এসআরবি-১৫ জানিয়েছে, ঘটনার ছবি ও ভিডিও বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এসআরবি-১৫ সহকারী পরিচালক (গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, ঘটনার ছবি ও ভিডিও চিত্র বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই তাদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে এসআরবি-১৫-এর অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, গোলাগুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন জয়। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে পালংখালী বাজারের একটি অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি বলেন, প্রকৃত ঘটনা আড়াল করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। ওই ঘটনার সঙ্গে আমি বিন্দুমাত্র জড়িত নই।

জয়নাল আবেদীন জয় দাবি করেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে আবুল ফয়েজ সীমান্তের বিভিন্ন মাদক ব্যবসায়ী ও চোরাচালান নিয়ন্ত্রণকারী গোষ্ঠীর সঙ্গে তাঁকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছেন।

উদ্ধার করা অস্ত্র ও গুলির ফরেনসিক পরীক্ষা করে সেগুলোর প্রকৃত মালিকদের শনাক্ত এবং তাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মিয়ানমার সীমান্তকেন্দ্রিক মাদক ও চোরাচালানের নিয়ন্ত্রণ এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় যুবদল নেতা আবুল ফয়েজের সঙ্গে জয়নাল আবেদীন জয় ও তার অনুসারীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে বুধবার বিকেলে দুই পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে বটতলী স্টেশন এলাকায় জড়ো হন। একপর্যায়ে তাঁদের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হলে গোলাগুলি শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাগুলির সময় জয়নাল আবেদীন জয়ের পক্ষের কয়েকজনকে আগ্নেয়াস্ত্র হাতে প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা গেছে। তাঁদের মধ্যে মুন্নার প্রকাশ্যে গুলিবর্ষণের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ছাড়া মুন্নাসহ কয়েকজনকে ওয়ান শুটারগান ও দেশীয় বন্দুক হাতে স্টেশনে প্রকাশ্যে মহড়া দিতেও দেখা গেছে। দুই পক্ষই গুলি ছুড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রের দাবি, বুধবার বিকেলে জয়নাল ও মুন্নাসহ তাদের অনুসারীরা অস্ত্র নিয়ে স্টেশনে অবস্থান নিলে আবুল ফয়েজের পক্ষের লোকজনের সঙ্গে তাদের মুখোমুখি পরিস্থিতির সৃষ্টি হয়। এতে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর থেকে আবুল ফয়েজ আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ও আত্মগোপনের বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া না দেওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, গোলাগুলির ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার এবং তাদের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।