বহদ্দারহাটে ২০০ অবৈধ দোকান-স্থাপনা গুঁড়িয়ে দিল চসিক
সিভয়েস২৪ প্রতিবেদক
নগরের বহদ্দারহাট এলাকায় ফুটপাত দখল করে গড়ে তোলা দুই শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) চসিকের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
চসিকের তথ্য অনুযায়ী, ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় অভিযান চালিয়ে প্রায় দুই শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্য দিয়ে ওই এলাকার ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।
জনস্বার্থে নগরের বিভিন্ন এলাকার ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চসিক।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













