আ.লীগের কাছে তথ্য পাচার, তদন্তের মুখে চট্টগ্রাম আরআরএফের এসপি
সিভয়েস২৪ প্রতিবেদক
পুলিশের প্রশাসনিক ও স্পর্শকাতর তথ্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে পাচারের অভিযোগ উঠেছে চট্টগ্রামে রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের বিরুদ্ধে। এ ঘটনায় তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার স্পেশাল ব্রাঞ্চে পাঠানো হয়েছে।
এদিকে, তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সাফিজুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাহাংগীর আলমকে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে ডেকে কথা বলেন রেঞ্জ ডিআইজি মো. আবদুল কুদ্দুস চৌধুরী। একই দিন তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বুধবার (১১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী বলেন, ‘প্রশাসনিক কিছু বিষয়ে এসপি জাহাংগীর আলমকে ডাকা হয়েছিল। আমরা কিছু বিষয় তদন্ত করছি। অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছেন।’
তিনি আরও বলেন, ‘তার দুটি মোবাইল ফোনই জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন থাকায় এ পর্যায়ে এর বেশি কিছু বলা সমীচীন হবে না।’
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত ডিআইজি সাফিজুল ইসলাম জানান, জাহাংগীর আলমকে ডাকা হলেও সেটিকে জিজ্ঞাসাবাদ বলা যাবে না। তার জব্দ করা দুটি মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার স্পেশাল ব্রাঞ্চে পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সে অনুযায়ী প্রতিবেদন দেওয়া হবে।
চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের সূত্রের বরাতে জানা গেছে, ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা জাহাংগীর আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ ওঠে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্মকর্তারা তার ব্যক্তিগত ও দাপ্তরিক মোবাইল ফোন পরীক্ষা করেন। এতে প্রাথমিকভাবে তথ্য পাচারের আলামত পাওয়া গেছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট সূত্রগুলো।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, জাহাংগীর আলমের মোবাইল ফোনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এ-সংক্রান্ত সূত্র পাওয়ার পর তাকে ডাকা হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আরআরএফ কার্যালয়ে দায়িত্ব পালন করছেন। তবে তাকে নজরদারিতে রাখা হয়েছে বলেও দাবি করেন ওই কর্মকর্তা।
এদিকে, জাহাংগীর আলমের ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ থাকায় অভিযোগের বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, তিনি ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












