Cvoice24.com

শুলকবহরে নাগরিক সেবার মানোন্নয়নে গণশুনানি

সিভয়েস২৪ প্রতিবেদক
১৩:০২, ১১ নভেম্বর ২০২৬
শুলকবহরে নাগরিক সেবার মানোন্নয়নে গণশুনানি

সড়ক সংস্কার, জলাবদ্ধতা, পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা ও জন্মনিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবার সমস্যা নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাসিন্দারা এতে অংশ নিয়ে তাদের বিভিন্ন সমস্যা ও ভোগান্তির কথা তুলে ধরেন। এসব সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বুধবার (১১ নভেম্বর) চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) ও ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সোয়েব উদ্দিন খানের সভাপতিত্বে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে স্থানীয় বাসিন্দারা সড়ক ও অবকাঠামোগত সমস্যা, জলাবদ্ধতা, পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং জন্মনিবন্ধনসংক্রান্ত বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের অভিযোগ ও মতামত শোনেন এবং সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

গণশুনানিতে বলা হয়, সরাসরি নাগরিকদের অভিযোগ, মতামত ও পরামর্শ গ্রহণের মাধ্যমে স্থানীয় পর্যায়ের সমস্যা চিহ্নিত করা এবং তা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া সম্ভব। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে নাগরিকদের সঙ্গে সিটি করপোরেশনের যোগাযোগ বাড়ানোর পাশাপাশি সেবামূলক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা যায়।

নাগরিক সেবার মানোন্নয়ন, স্থানীয় সমস্যার দ্রুত সমাধান এবং উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ বাড়াতে ওয়ার্ডভিত্তিক গণশুনানি অব্যাহত রাখার কথা জানানো হয়। নাগরিকদের প্রত্যক্ষ মতামত ও অংশগ্রহণের মাধ্যমে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

গণশুনানিতে ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের ওয়ার্ড সচিব মোহাম্মদ হানিফ, জন্মনিবন্ধন সহকারী বনশ্রী সেনগুপ্ত, সড়ক তদারককারী, পরিচ্ছন্নতা সুপারভাইজারসহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর