টেকনাফে নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল ঘিরে সংঘর্ষ, আহত পুলিশ সদস্য
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মশাল মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও মিছিলকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে একটি গাড়ি।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে টেকনাফ পৌরসভার আবহাওয়া অফিসের পশ্চিম পাশে গোদারবিল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলমের নেতৃত্বে গোদারবিল এলাকা থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের দিকে অগ্রসর হওয়ার খবর পেয়ে পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মিছিলকারীদের বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে যুবলীগের নেতাকর্মীরা কর্মসূচি পালনের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা তাদের বাধা দেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের ওপর হামলা ও একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত হন টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাফর। তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো ধরনের রাজনৈতিক বা সাংগঠনিক কর্মসূচি পালনের অনুমতি নেই। সরকারি নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। এ সময় একদল ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায়।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টেকনাফ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পুলিশ, বিজিবি ও এসআরবির সদস্যরা টহল জোরদার করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কক্সবাজার সব খবর















