Cvoice24.com

টেকনাফে সেনাসদস্য হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১২:২৪, ১১ নভেম্বর ২০২৬
টেকনাফে সেনাসদস্য হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে অপহরণ মামলার দুই পলাতক আসামি ও সেনাসদস্য মো. তিতাস শেখ হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। এর মধ্যে সেনাসদস্য হত্যা মামলার আসামিকে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রংগীখালী ও মুছনী বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রংগীখালী বাজারের মাইনউদ্দিন মার্কেটে অভিযান চালায় এসআরবি-১৫-এর টেকনাফ ক্যাম্পের একটি দল। এ সময় ফেনী থেকে চারজনকে অপহরণ করে টেকনাফের গহিন পাহাড়ে জিম্মি করে মুক্তিপণ দাবির ঘটনায় করা মামলার দুই পলাতক আসামি খালেকুজ্জামান ওরফে খুইল্লা (২৮) ও নবী হোসেনকে (৩৪) গ্রেপ্তার করা হয়। তারা দুজনই হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী জুম্মাপাড়ার বাসিন্দা।

অন্যদিকে, একই দিন দুপুর দেড়টার দিকে হ্নীলার মুছনী বাজারে জহির আহাম্মদ মার্কেটের সামনে এসআরবি-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথ অভিযান চালায়। এ সময় সেনাসদস্য মো. তিতাস শেখ হত্যা মামলার এজাহারভুক্ত ১৮ নম্বর আসামি মো. হোসেন ওরফে বক্কইন্যাকে (২০) গ্রেপ্তার করা হয়। তিনি মুছনী রোহিঙ্গা আশ্রয়শিবিরের এইচ ব্লকের বাসিন্দা।

এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক বলেন, সেনাসদস্য তিতাস শেখ হত্যা মামলার আসামিকে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এসআরবি-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বিত গোয়েন্দা নজরদারি এবং যৌথ অভিযানের ফলে এটি সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, অপরাধীরা যত কৌশলই অবলম্বন করুক না কেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে থাকার সুযোগ নেই। মাদক, অস্ত্র, অপহরণ, মানব পাচার ও সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আ. ম. ফারুক।