সাদা ফ্লুইডে ১৭ কোটি টাকার ট্যাক্স জালিয়াতি, চসিকের ৬ কর্মকর্তাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) হোল্ডিং ট্যাক্স নির্ধারণে সরকারি নথি জালিয়াতির অভিযোগ উঠেছে। ফিল্ড বুক ও আপিল ফরমে ঘষামাজা করে দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বার্ষিক মূল্যায়ন কমিয়ে দেওয়ার মাধ্যমে প্রায় ১৬ কোটি ৮০ লাখ টাকার রাজস্ব ক্ষতি করা হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় চসিকের ছয় কর্মকর্তা-কর্মচারী এবং দুটি প্রতিষ্ঠানের মালিকসহ আটজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে সংস্থাটি।
সোমবার (৯ নভেম্বর) দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলা দুটি করেন সংস্থাটির সহকারী পরিচালক সৈয়দ আলম।
দুদকের এজাহার সূত্রে জানা যায়, ইকবাল ট্রেড লিমিটেড ও মেসার্স এহসান ব্রাদার্স লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠানের হোল্ডিংয়ের বার্ষিক মূল্যায়ন বড় অঙ্কে কমিয়ে দেওয়া হয়।
এর মধ্যে ইকবাল ট্রেড লিমিটেডের ১৫১/এ/৫৪ নম্বর হোল্ডিংয়ের বার্ষিক মূল্যায়ন প্রথমে নির্ধারণ করা হয়েছিল ২৫ কোটি ৬৭ লাখ ৪ হাজার ৭৫০ টাকা। পরে তা কমিয়ে ৫ কোটি ৮ লাখ ৪ হাজার ৮০০ টাকা করা হয়। এতে বার্ষিক মূল্যায়ন কমানো হয় ২০ কোটি ৫৯ লাখ টাকার বেশি।
দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, মূল মূল্যায়ন প্রতিবেদন চসিকের প্রধান কার্যালয় থেকে সংশ্লিষ্ট রাজস্ব সার্কেলে পাঠানোর পর ফাইল ও আপিল ফরমে ঘষামাজা করে মূল্যায়নের অঙ্ক পরিবর্তন করা হয়। পরে সংশোধিত অঙ্কের ভিত্তিতে কর নির্ধারণ করা হয়। এতে ২০২১-২২ অর্থবছরের প্রথম প্রান্তিক থেকে পরবর্তী ১৪ প্রান্তিকে প্রায় ৫ কোটি ২৫ লাখ টাকা রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয় সিটি করপোরেশন।
অন্যদিকে দক্ষিণ মধ্যম হালিশহরের মেসার্স এহসান ব্রাদার্স লিমিটেডের ১৮১/৩০১ নম্বর হোল্ডিংয়ের বার্ষিক মূল্যায়ন প্রথমে নির্ধারণ করা হয়েছিল ২৬ কোটি ৩ লাখ ১৯ হাজার ২৫০ টাকা। পরে তা কমিয়ে ৬ কোটি ৩ লাখ ১৯ হাজার ২৫০ টাকা করা হয়।
দ্বিতীয় মামলার এজাহারে বলা হয়েছে, ফিল্ড বুকের ১০ নম্বর পৃষ্ঠায় সাদা ফ্লুইড ব্যবহার করে আগের মূল্যায়নের অঙ্ক মুছে ফেলা হয়। পরে সেখানে কম অঙ্ক বসানো হয়। এভাবে তিন বছরে প্রতিষ্ঠানটির কাছ থেকে কম কর আদায় করায় চসিকের প্রায় ৮ কোটি ৪০ লাখ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।
দুদকের হিসাবে, দুটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে মোট রাজস্ব ক্ষতির পরিমাণ প্রায় ১৬ কোটি ৮০ লাখ টাকা। সরকারি নথিতে মূল্যায়নের অঙ্ক পরিবর্তন করে কম কর আদায়ের সুযোগ তৈরির অভিযোগে পৃথক মামলা দুটি করা হয়েছে।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন চসিকের রাজস্ব সার্কেল-৮-এর সাবেক কর কর্মকর্তা মোহাম্মদ রুকন আলম, সাবেক উপকর কর্মকর্তা মো. আবদুল কাদের, রাজস্ব সার্কেল-৯-এর সাবেক কর কর্মকর্তা তপন প্রকাশ সেন, সার্কেল-৮-এর সহকারী কর আদায়কারী মো. মনজুর মোর্শেদ, সার্কেল-৯-এর হিসাব সহকারী রূপসী রানী দেব এবং মোহাম্মদ আহসান উল্লাহ।
এ ছাড়া ইকবাল ট্রেড লিমিটেডের মালিকপক্ষের ইউসুফ আবদুল্লাহ হারুন এবং মেসার্স এহসান ব্রাদার্স লিমিটেডের মালিক হাজী মো. আবুল কালামকেও আসামি করা হয়েছে।
দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর উপপরিচালক মো. আল আমিন বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স নির্ধারণ প্রক্রিয়ায় জালিয়াতির আশ্রয় নিয়ে সরকারি রাজস্ব আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। কমিশনের নির্দেশে পৃথক দুটি মামলা করা হয়েছে। তদন্তে আরও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














