পাহাড়ের মাটিতে কাজুবাদামের সোনালি স্বপ্ন
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি, সিভয়েস২৪
পাহাড়ের অনাবাদি ও ঢালু জমিতে কাজুবাদাম চাষের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) রাঙামাটির রাইখালীস্থ পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র থেকে অবমুক্ত করা হয়েছে উচ্চফলনশীল কাজুবাদামের নতুন জাত ‘বারি কাজুবাদাম-১’। সংশ্লিষ্টদের আশা, পাহাড়ি পরিবেশে চাষ উপযোগী এ জাতের সম্প্রসারণ দেশের কাজুবাদাম উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।
কৃষি বিজ্ঞানী ও গবেষকদের দীর্ঘদিনের গবেষণা এবং মাঠপর্যায়ে সফল মূল্যায়নের ভিত্তিতে জাতটি বাংলাদেশে বাণিজ্যিক চাষাবাদের জন্য চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
সংশ্লিষ্টদের মতে, স্থানীয় আবহাওয়া ও পাহাড়ি ভূমির বৈশিষ্ট্যের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা থাকায় পার্বত্য অঞ্চলে এ জাতের চাষ সম্প্রসারণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে রাইখালি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জিয়াউর রহমান বলেন, ‘বারি কাজুবাদাম-১’ জাতটি পাহাড়ি মাটি ও জলবায়ুর জন্য উপযোগী। এটি উচ্চফলনশীল হওয়ায় সাধারণ জাতের তুলনায় কৃষকেরা বেশি লাভবান হতে পারবেন। পাহাড়ে কাজুবাদামের বাণিজ্যিক উৎপাদন সম্প্রসারণ এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে জাতটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কৃষি বিশেষজ্ঞদের মতে, পাহাড়ি অঞ্চলের ঢালু ও অপেক্ষাকৃত অনুর্বর জমিতে, যেখানে অন্যান্য ফসলের চাষ কঠিন, সেখানে কাজুবাদাম লাভজনক বিকল্প ফসল হতে পারে। নতুন জাতটি কৃষক পর্যায়ে সম্প্রসারণ করা সম্ভব হলে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যতে বিদেশে কাজুবাদাম রপ্তানিরও সুযোগ তৈরি হতে পারে।
পাহাড় সব খবর















