Cvoice24.com

খাগড়াছড়িতে মধ্যরাতে আগুন, পুড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান- অটোরিকশা

রামগড় প্রতিনিধি
১০:২১, ৬ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে মধ্যরাতে আগুন, পুড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান- অটোরিকশা

খাগড়াছড়ি শহরের কলাবাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি অটোরিকশা পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ অগ্নিকাণ্ডে কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 

আগুনে কাঠের দোকান, ফার্নিচার কারখানাসহ মোট ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। পাশাপাশি একটি টমটম অটোরিকশাও আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও অংশ নেন।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, ‘কাঠ ও টিনের কাঠামো হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ছাড়া পানির সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। অগ্নিকাণ্ডে ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি টমটম অটোরিকশা পুড়ে গেছে।’