সাজেকে আবারও জেএসএস-ইউপিডিএফের গোলাগুলি
রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো গোলাগুলিতে জড়িয়েছে পার্বত্য চট্টগ্রামের দুই আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস-মূল) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল)।
রবিবার বিকেলে সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাচালং-সংলগ্ন লাঙ্গলমারা ও দক্ষিণ ভাইবোনছড়ার রিজার্ভ ফরেস্টের মনের চূড়া এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও জনপ্রতিনিধিদের বরাতে জানা গেছে, রবিবার দুপুর ৩টা ১৫ মিনিটের দিকে দুর্গম পাহাড়ি এলাকায় দুই পক্ষের মধ্যে নতুন করে গোলাগুলি শুরু হয়।
সাজেক ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পরিচয় চাকমা বলেন, দক্ষিণ ভাইবোনছড়ার রিজার্ভ ফরেস্ট এলাকার মনের চূড়ায় বিকেল পৌনে ৪টার দিকে গোলাগুলির ঘটনা ঘটে। এলাকাটি দুর্গম এবং আশপাশে কোনো বসতি না থাকায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে শনিবার দুপুর ১২টা থেকে বিকাল ১টা পর্যন্ত সাজেকের কলাবুনিয়া এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। ওই ঘটনায় উভয় পক্ষের দুজন নিহত হয়েছেন বলে বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া গেলেও কোনো পক্ষই তা স্বীকার করেনি।
টানা দুই দিনের গোলাগুলির বিষয়টি নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, মাচালংয়ের লাঙ্গলমারা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির খবর পেয়েছি।
এদিকে, পরপর দুই দিন গোলাগুলির ঘটনায় সাজেকের দুর্গম এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।
পাহাড় সব খবর















