আনোয়ারায় আগুনে তিন পরিবারের ঘরবাড়ি ও মালামাল পুড়ে ছাই
আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের আনোয়ারায় অগ্নিকাণ্ডে তিন পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে গেছে। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের খাসখামা এলাকার আলীমিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন— ওই এলাকার জামাল আহমদ (৫৫), নজরুল ইসলাম ওরফে সোনা মিয়া (৪৫) এবং আবুল মনসুর (৩২)।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য জামাল আহমদ বলেন, ‘রাত দুইটার দিকে হঠাৎ ঘরে আগুন দেখতে পান তারা। এ সময় পরিবারের সদস্যদের নিয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে যান। পরে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জামাল আহমদ বলেন, আগুনে তার প্রায় চার লাখ টাকার মালামাল পুড়ে গেছে। পাশের আরও দুটি পরিবারের প্রায় দুই লাখ টাকা করে ক্ষতি হয়েছে। সব মিলিয়ে তিন পরিবারের প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে তিন পরিবারের আনুমানিক তিন লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় প্রায় ১০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।’
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













