Cvoice24.com

মিরসরাই প্রেস ক্লাবে সিরাত মাহফিল

মিরসরাই প্রতিনিধি, সিভয়েস২৪
১৭:৩৫, ৩১ অক্টোবর ২০২৬
মিরসরাই প্রেস ক্লাবে সিরাত মাহফিল

চট্টগ্রামের মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বাদ মাগরিব প্রেস ক্লাবের হলরুমে এ মাহফিলের আয়োজন করা হয়। 

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবিক মূল্যবোধ ও শিক্ষা সমাজ ও রাষ্ট্রে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

মাহফিলে প্রধান আলোচক ছিলেন রাঙ্গুনিয়ার আলমশাহ পাড়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মনিরুজ্জামান। বিশেষ আলোচক ছিলেন ঐতিহাসিক ছুটিখাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তৌহিদী।

মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মিরসরাই কলেজের প্রভাষক রাসেল আহম্মদ চৌধুরী।

এতে বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম ও জ্যেষ্ঠ সহসভাপতি সাইফুল হক সিরাজী। স্বাগত বক্তব্য দেন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কামাল উদ্দিন বিটু।

আলোচকেরা বলেন, মানুষ পার্থিব জীবনের মোহে পড়ে ইসলামের শিক্ষা ও রাসুলের আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে। বিভিন্ন মতবাদ, কুসংস্কার ও অপসংস্কৃতির প্রভাবে মানুষের মধ্যে নৈতিক অবক্ষয় বাড়ছে। এর ফলে সমাজে অন্যায়, অনাচার, হিংসা ও লোভের বিস্তার ঘটছে।

তারা আরও বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠনে তার আদর্শ অনুসরণের বিকল্প নেই।

মাহফিলে প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।