মিয়ানমারে পাচারের সময় ৪০ টন সিমেন্টসহ বোট জব্ধ, আটক ৮
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী চ্যানেল থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৪০ হাজার কেজি (৪০ টন) সিমেন্টসহ আটজনকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি কার্গো বোট থেকে এসব সিমেন্ট জব্দ করা হয়। জব্দ করা সিমেন্টের আনুমানিক মূল্য চার লাখ টাকা।
শুক্রবার (৩০ অক্টোবর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৪০ হাজার কেজি সিমেন্ট পাওয়া যায়। পরে সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটজনকে আটক করা হয়।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর















