Cvoice24.com

জিইসি ফ্লাইওভারের নিচে অবৈধ দোকান, পুলিশের কাছে সোপর্দ ৩

সিভয়েস২৪ প্রতিবেদক
২০:৪৮, ২৯ অক্টোবর ২০২৬
জিইসি ফ্লাইওভারের নিচে অবৈধ দোকান, পুলিশের কাছে সোপর্দ ৩

চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পৃথক দুটি অভিযানে অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় পরিচালিত অভিযানে জিইসি ফ্লাইওভারের নিচে অবৈধভাবে ভাসমান দোকান বসানোর অভিযোগে তিন ব্যক্তিকে আটক করে পাঁচলাইশ থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সকালে চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৩) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়দা আক্তারের নেতৃত্বে জিইসি মোড়ে অভিযান চালানো হয়। এ সময় সড়ক ও ফুটপাতের ওপর অবৈধ দখল উচ্ছেদ এবং পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে পদক্ষেপ নেওয়া হয়।

বিকেলে একই এলাকায় চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খানের নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালিত হয়। এ সময় ফ্লাইওভারের নিচে অবৈধভাবে ভাসমান দোকান বসানোর অভিযোগে তিন ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান বলেন, নগরের সড়ক ও ফুটপাত সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচলের জন্য। এসব স্থান দখল করে দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটে এবং জনদুর্ভোগ বাড়ে। নগরবাসীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে প্রশাসকের নির্দেশনায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়দা আক্তার বলেন, সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। নগরবাসীর দুর্ভোগ কমানো, যান চলাচল স্বাভাবিক রাখা এবং পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল নগর গড়ে তুলতে অবৈধ দখল উচ্ছেদে চসিকের কার্যক্রম অব্যাহত থাকবে।

চসিক জানিয়েছে, নগরের গুরুত্বপূর্ণ সড়ক, ফুটপাত ও জনসাধারণের চলাচলের স্থান দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর