Cvoice24.com

টেকনাফে পৃথক অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, রফিক বাহিনীর সদস্যসহ গ্রেপ্তার ৫

কক্সবাজার প্রতিনিধি
২০:০৯, ২৮ অক্টোবর ২০২৬
টেকনাফে পৃথক অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, রফিক বাহিনীর সদস্যসহ গ্রেপ্তার ৫

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে অস্ত্র ও গুলিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। তাঁদের মধ্যে একজনকে সশস্ত্র ডাকাত দল ‘রফিক বাহিনীর’ সক্রিয় সদস্য বলে দাবি করেছে র‍্যাব।

মঙ্গলবার রাতে হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা এলাকায় পুলিশের অস্থায়ী তল্লাশিচৌকি থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার (২৮ অক্টোবর) রাত পৌনে একটার দিকে হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালীয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে শেখ বিজয় (২৩) নামের আরেকজনকে গ্রেপ্তার করে র‍্যাব-১৫।

অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি একনলা দেশীয় বন্দুক, দুটি ওয়ান শুটারগান, ১৭ রাউন্ড গুলি, ২৭টি ফাঁকা কার্তুজ ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি নোহা গাড়ি ও একটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব লেদা এলাকায় অস্থায়ী তল্লাশিচৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এ সময় টেকনাফগামী একটি নোহা গাড়িকে থামার সংকেত দিলে চালক ও সামনের আসনে থাকা এক ব্যক্তি নেমে পালিয়ে যান। পরে গাড়ির পেছনের দরজা খুলে পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হ্নীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী এলাকার বেলাল উদ্দিন (৪৮), হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়াপাড়ার মাহাবুবুর রহমান মাহবুব (৩১), খারাংখালী পশ্চিম মহেশখালীয়াপাড়ার মো. রিশাদ (২৪) এবং হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার আব্দুল্লাহ (২৫)।

পুলিশের ভাষ্য, তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে। তাঁদের ব্যবহৃত নোহা গাড়িটিও জব্দ করা হয়। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাঁদের বিরুদ্ধে অপহরণসহ একাধিক মামলা রয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, বুধবার রাত পৌনে একটার দিকে হোয়াইক্যং ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম মহেশখালীয়াপাড়া এলাকায় অভিযান চালায়। ওই এলাকার বাসিন্দা মো. শাহজাহানের বাড়ির উত্তর পাশের খালপাড়ে অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় শেখ বিজয়কে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের দাবি, শেখ বিজয় টেকনাফের খারাংখালী এলাকার পূর্ব মহেশখালীয়াপাড়ার বাসিন্দা শাহ আলমের ছেলে এবং সশস্ত্র ডাকাত দল ‘রফিক বাহিনীর’ সক্রিয় সদস্য। তাঁর কাছ থেকে একটি একনলা দেশীয় বন্দুক, দুটি ওয়ান শুটারগান, ১৭ রাউন্ড গুলি, ২৭টি ফাঁকা কার্তুজ, ছয়টি ধারালো ছোরা ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ শেখ বিজয়কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কক্সবাজার সব খবর