Cvoice24.com

বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলন, জব্দ ৭০ ড্রেজার পাইপ ও এক্সকেভেটর

বাঁশখালী প্রতিনিধি
১৯:৫৬, ২৮ অক্টোবর ২০২৬
বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলন, জব্দ ৭০ ড্রেজার পাইপ ও এক্সকেভেটর

চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৭০টি ড্রেজার পাইপ ও একটি এক্সকেভেটর জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার দিনভর উপজেলার তিনটি ইউনিয়নের সাতটি পয়েন্টে এ অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে খানখানাবাদ, সাধনপুর ও পুকুরিয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজীদুর রহমান তন্ময়।

খানখানাবাদ ইউনিয়নের পশ্চিম রায়ছটা, ঈশ্বর বাবুর হাট ও চৌধুরী ঘাট এলাকার চারটি স্থানে অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত ৬৪টি ড্রেজার পাইপ জব্দ করে অকেজো করা হয়। সাধনপুর ইউনিয়নের দুটি স্থানে অভিযান চালিয়ে আরও চার থেকে পাঁচটি ড্রেজার পাইপ জব্দ করা হয়।

এদিকে, স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে পুকুরিয়া ইউনিয়নের তৈলারদ্বীপ সেতু-সংলগ্ন এলাকায় ‘শিরোপা বিল্ডার্স’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। তদন্তে দেখা যায়, প্রতিষ্ঠানটির চন্দনাইশের ডলুখাল বালুমহাল থেকে বালু এনে ওই স্থানে মজুত করার অনুমতি থাকলেও তারা সাঙ্গু নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল।

অভিযোগের সত্যতা পাওয়ার পর নদীর সঙ্গে সংযোগকারী প্রতিষ্ঠানটির দুটি ড্রেজার পাইপ বিচ্ছিন্ন করা হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি এক্সকেভেটর জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন প্রতিষ্ঠানটিকে তাদের অনুমতিপত্র ও প্রয়োজনীয় বৈধ কাগজপত্র পরবর্তী কার্যদিবসের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) তামজীদুর রহমান তন্ময় বলেন, অভিযানে ড্রেজার পাইপের পাশাপাশি উত্তোলন করা বিপুল পরিমাণ বালুও জব্দ করা হয়েছে। জব্দ করা বালু ও অন্যান্য সরঞ্জাম স্থানীয় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যদের জিম্মায় দেওয়া হয়েছে।

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর