শুধু চাকরি নয়, উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান সৃষ্টির আহ্বান ইসমাইল জবিউল্লাহর
সিভয়েস২৪ ডেস্ক
মেধাবি শিক্ষার্থীদের শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেছেন, তরুণদের মেধা, উদ্ভাবনী চিন্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। সরকারি চাকরির ওপর নির্ভরশীল না হয়ে নিজেদের উদ্যোগে অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত ‘শিক্ষাবৃত্তি প্রদান-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসমাইল জবিউল্লাহ বলেন, শিক্ষার্থীদের মেধা শুধু তাদের ব্যক্তিগত সম্পদ নয়, এটি বাংলাদেশের সম্পদ। শিক্ষা ও দক্ষতা অর্জনের পাশাপাশি মানবিক গুণাবলির বিকাশ ঘটাতে হবে। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে তরুণেরা নিজেদের যোগ্যতা অনুযায়ী সুযোগ পাবেন এবং নতুন শিল্প ও উদ্ভাবনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করবেন।
সিঙ্গাপুরের উদাহরণ টেনে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, সীমিত প্রাকৃতিক সম্পদ নিয়েও দেশটি পরিকল্পনা, শৃঙ্খলা, সুশাসন ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে বিশ্বমানের অর্থনীতি প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশেরও এ অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। মানসম্মত শিক্ষা, কার্যকর প্রতিষ্ঠান, প্রযুক্তির ব্যবহার, বিনিয়োগ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, অন্য দেশের সাফল্যের গল্প শোনাই বাংলাদেশের তরুণদের লক্ষ্য হওয়া উচিত নয়; বরং নিজেদের সাফল্যের গল্প তৈরি করতে হবে। ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনে তরুণদের উদ্ভাবনী চিন্তা ও কঠোর পরিশ্রম প্রয়োজন।
প্রযুক্তি ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ইসমাইল জবিউল্লাহ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের সহায়ক প্রযুক্তি। এর ওপর পুরোপুরি নির্ভরশীল হওয়া যাবে না। এআই থেকে পাওয়া তথ্য ও সিদ্ধান্তের যথার্থতা যাচাই করার সক্ষমতা থাকতে হবে। স্মার্টফোন ও প্রযুক্তির ব্যবহার যেন বই পড়া, জ্ঞান অর্জন ও নিজস্ব চিন্তার বিকল্প হয়ে না দাঁড়ায়।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু চাকরির প্রত্যাশা নিয়ে এগোলে হবে না। প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্যসেবা ও শিল্পসহ বিভিন্ন খাতে নতুন উদ্যোগ গড়ে তুলতে হবে। তরুণ উদ্যোক্তাদের সহায়তায় সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছে উল্লেখ করে তিনি বলেন, এসব সুযোগ কাজে লাগাতে তরুণদেরও উদ্যোগী হতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মস্পৃহা ও সময়ানুবর্তিতার উদাহরণ তুলে ধরে ইসমাইল জবিউল্লাহ বলেন, নেতৃত্বে কথার চেয়ে কাজের গুরুত্ব বেশি। নেতার আচরণ ও কর্মপদ্ধতি অন্যদের অনুপ্রাণিত করে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের দক্ষ পেশাজীবী, সৎ উদ্যোক্তা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশের উন্নয়নে অবদান রাখার পাশাপাশি কর প্রদান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মানসিকতাও তৈরি করতে হবে।
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত।
অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমানসহ অন্যরা।
উল্লেখ্য, চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরে জেলার কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২২৬ শিক্ষার্থীকে প্রায় ৩০ লাখ টাকার শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













