চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস উল্টে আহত ২০, দীর্ঘ যানজট
চন্দনাইশ প্রতিনিধি
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার বাগিচাহাটের উত্তর পাশে খানদিঘী শিকারীপাড়া এলাকায় সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী কলেজছাত্র জালাল উদ্দীন বাবু জানান, ঢাকা থেকে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের হলুদ রঙের দূরপাল্লার বাসটি (চট্ট মেট্রো-ব ১১-১১৭০) বাগিচাহাটের খানদীঘি শিকারীপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি মহাসড়কের ওপর উল্টে যায়। এ সময় বাসের সামনের ও পাশের জানালার কাচ ভেঙে সড়কে ছড়িয়ে পড়ে। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
স্থানীয়রা জানান, দুর্ঘটনায় বাসের ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হন। তারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে আহতদের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। গুরুতর আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের ওপর পড়ে থাকায় সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাইকিংয়ের মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণ করে এবং যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়। পরে রেকার ও ক্রেনের সাহায্যে বাসটি সরানো হয়। এ সময় স্থানীয় ৩০ থেকে ৪০ জন যুবক উদ্ধারকাজে পুলিশকে সহায়তা করেন।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের ওই অংশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই এবং সড়কে সামান্য বাঁক রয়েছে। তাদের দাবি, ভোররাতে দূরপাল্লার বাসগুলোর বেপরোয়া গতির কারণে সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার দাবি জানান।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার বলেন, ‘ভোরে বাগিচাহাটে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
বাসটি সরিয়ে নেওয়ার পর বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













