ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, আটক ৫
ফটিকছড়ি প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে নোহা গাড়িসহ পাঁচজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার নাজিরহাট পৌরসভার সুয়াবিল টেকের দোকান এলাকায় তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—ঢাকার কেরানীগঞ্জের আটিবাজার এলাকার আবুল হোসেনের ছেলে সাইদুল ইসলাম শিমুল (৩২), কুমিল্লার লাকসাম এলাকার মৃত রফিকের ছেলে সামশু উদ্দিন (৪১), একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মোজাম্মেল হক (৩২), চাঁদপুরের মতলব এলাকার সিরাজুলের ছেলে ইউনুস (৪২) এবং কুমিল্লার লাকসাম এলাকার তৈয়ব আলীর ছেলে সোহাগ (৩৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে একটি নোহা গাড়িতে করে পাঁচজন হেঁয়াকো এলাকায় এসে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা করেন। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে তারা নোহা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন পিছু ধাওয়া করে সুয়াবিল টেকের দোকান এলাকায় তাদের আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাদের মারধর করে।
খবর পেয়ে উদালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জ্যোতিষ চন্দ্র দেব ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের উদ্ধার করে ভূজপুর থানায় নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, আটক ব্যক্তিরা হেঁয়াকো এলাকায় টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা করেছিলেন। স্থানীয় লোকজনের ধাওয়ায় তারা চুরি করতে না পেরে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












