উখিয়ায় নলকূপ খনন করতেই আগুন, নিয়ন্ত্রণের চেষ্টা
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় মাটির নিচ থেকে গ্যাসের মতো পদার্থ নির্গত হয়ে আগুন জ্বলে উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৭টার দিকে ইনানী ছোট খালের উত্তর পাশে একটি বাড়ির আঙিনায় এ ঘটনা ঘটে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় তা নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, সকাল ৭টার দিকে বাড়ির মালিক ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। তবে গ্যাসের প্রবাহ তীব্র হওয়ায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুন যাতে আশপাশে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ওই এলাকায় বসতবাড়ি রয়েছে এবং পর্যটকদেরও যাতায়াত আছে। তাই আগুনের বিস্তার ঠেকানো ও আশপাশের মানুষকে সতর্ক রাখা জরুরি।
এদিকে, ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ওই লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সিরাজ জানান, আগুন দাউ দাউ করে জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তার ভাষ্য অনুযায়ী, আগুনের তীব্রতা ক্রমেই বাড়ছে।
স্থানীয় বিচকর্মী বেলাল উদ্দিন বলেন, আগুনের তীব্রতা বেড়েছে এবং পরিস্থিতি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলের নিরাপত্তা নিশ্চিত করা এবং আগুনের বিস্তার ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের নিচে আগুন জ্বলতে থাকায় নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
কক্সবাজার সব খবর















