ইনানীতে অনুমোদনহীন ভবনে উচ্ছেদ অভিযান
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার ইনানীতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) অনুমোদন ছাড়া নির্মাণাধীন পাঁচতলা একটি ভবনে উচ্ছেদ অভিযান শুরু করেছে কউক ও উপজেলা প্রশাসন।
সোমবার (২৬ অক্টোবর) সী-পাল হোটেলের দক্ষিণ পাশে অবস্থিত ভবনটিতে এ অভিযান শুরু হয়।
উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু আব্দুল্লাহ জানান, ভবনটি এসএস এন্টারপ্রাইজের মালিকানাধীন। প্রায় এক বছর আগে ভবনটির নির্মাণকাজ শুরু হয়। এখনো নির্মাণকাজ চলছে। ভবনটি হোটেল বা বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলে জানা গেলেও এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
প্রশাসন সূত্রে জানা গেছে, ভবন নির্মাণের আগে কউকের প্রয়োজনীয় নকশা অনুমোদন ও নির্মাণের অনুমতি নেওয়া হয়নি। এ কারণে ভবনটির কাগজপত্র যাচাই এবং নির্মাণকাজ পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিদর্শনের পর বিধিবহির্ভূত অংশ অপসারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
অভিযানে কউকের অথরাইজড অফিসার ফজলে রাব্বি, কউকের সচিব (উপসচিব) সানজিদা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে। উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতা করছেন ফায়ার সার্ভিস ও সি রিসোর্স বিভাগের (এসআরবি) সদস্যরা।
অভিযানের বিষয়ে কউকের অথরাইজড অফিসার ফজলে রাব্বি বলেন, ‘বর্তমানে আমি ঘটনাস্থলে রয়েছি। অভিযান শেষ হলে বিস্তারিত বলতে পারব।’
সম্প্রতি উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের পাটুয়ার টেকে টুপটুপ রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর পর পর্যটন এলাকার হোটেল-রিসোর্টের নিরাপত্তা ও অনুমোদনের বিষয়টি আলোচনায় আসে। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ সড়কের দুই পাশে গড়ে উঠেছে অসংখ্য হোটেল ও রিসোর্ট। এসব স্থাপনার নির্মাণ অনুমোদন, বিধিমালা অনুসরণ এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও প্রশ্ন রয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













