Cvoice24.com

চসিকের পূর্ণকালীন প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

২০:০৭, ২৫ অক্টোবর ২০২৬
চসিকের পূর্ণকালীন প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে ডা. শাহাদাত হোসেনকে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬’-এর ৪ নম্বর ধারা অনুযায়ী তাঁকে এ নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে সই করেছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুয়েল রানা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন সিটি কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ডা. শাহাদাত হোসেন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। সংশোধিত আইনের ৪(৩) উপধারা অনুযায়ী, তিনি সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এ জন্য বিধি অনুযায়ী মাসিক সম্মানী ও অন্যান্য ভাতাও পাবেন তিনি।

২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ফল বাতিলের দাবিতে আদালতে মামলা করেছিলেন তৎকালীন নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। পরে ২০২৪ সালের ১ অক্টোবর আদালত তাঁকে ওই নির্বাচনে মেয়র পদে বিজয়ী ঘোষণা করে রায় দেন।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর