মাদক সেবনে জনশান্তি নষ্ট, ছয় মাসের ‘বিশ্রামে’ যুবক!
আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪
মাদক সেবন করে জনশান্তি বিনষ্টের অভিযোগে চট্টগ্রামের আনোয়ারায় ফাহিম উদ্দীন বাবু (২৩) নামে এক যুবককে ১৮০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি গুনতে হবে এক হাজার টাকা জরিমানা। নিজের মতো করে সময় কাটাতে গিয়ে এবার ছয় মাস কাটাতে হবে কারাগারে!
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার দীপু মনি কমপ্লেক্স-সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দণ্ড দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে মাদক সেবন করে জনশান্তি বিনষ্ট করার অপরাধে ফাহিম উদ্দীন বাবুকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এক হাজার টাকা অর্থদণ্ড ও ১৮০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বাবার নাম মোহাম্মদ হোসেন।
অভিযানে সহযোগিতা করে আনোয়ারা থানা-পুলিশ।
আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, ‘জনস্বার্থে আনোয়ারা উপজেলায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।’
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












