Cvoice24.com

চট্টগ্রামে ১ কোটি ১৬ লাখ টাকার মাদক জব্দ, গ্রেপ্তার ৪

সিভয়েস২৪ প্রতিবেদক
১৩:৩৬, ২২ অক্টোবর ২০২৬
চট্টগ্রামে ১ কোটি ১৬ লাখ টাকার মাদক জব্দ, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের চন্দনাইশ, আনোয়ারা ও সীতাকুণ্ডে পৃথক তিনটি অভিযান চালিয়ে ৩৮ হাজার ১৫০টি ইয়াবা ও ২০ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৬ লাখ ৪৬ হাজার টাকা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ এসব তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ ও ২১ অক্টোবর চট্টগ্রাম-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় পৃথক তিনটি অভিযানে মাদকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৭ জানায়, ২০ অক্টোবর বিকেল ৪টা ২০ মিনিটের দিকে চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গাছবাড়িয়া বাইন্যাপুকুর পাড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মারসা পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা মো. ফরহাদ-উজ-জামান জয় (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৯ হাজার ৬২০টি ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ২৮ লাখ ৮৬ হাজার টাকা।

একইদিন সকাল ১১টা ২০ মিনিটের দিকে আনোয়ারার তৈলারদ্বীপসংলগ্ন সরকারহাট গরুর বাজার এলাকায় মেসার্স পেতান শাহ স্টোর অ্যান্ড সাপ্লায়ার্সের সামনে অস্থায়ী চেকপোস্টে একটি সবুজ রঙের নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা থামানো হয়। 

পরে অটোরিকশার চালকের আসনের নিচে লুকানো ২৮ হাজার ৫৩০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় অটোরিকশার চালক মো. সাকিব (১৯) ও যাত্রী জাহিদুল ইসলামকে (২০) গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৮৫ লাখ ৬০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়।

পরদিন ২১ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিশা প্লাটিনা পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় মো. জাকির হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য দুই লাখ টাকা।

এসআরবি-৭ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের এবং উদ্ধার করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।