Cvoice24.com

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিভয়েস২৪ প্রতিবেদক
২০:০৩, ২০ অক্টোবর ২০২৬
চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে তাকে বহনকারী বিমান চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে, রাজশাহীর কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।

চট্টগ্রাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রামের সংসদ সদস্যরা এবং বিএনপির জ্যেষ্ঠ নেতারা।

সফরকালে প্রধানমন্ত্রী নগরের আন্দরকিল্লায় ঐতিহাসিক জেএম সেন হলের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এ ছাড়া রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে জেএম সেন হলের আশপাশের সড়ক, রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর সামনে ও লালখানবাজার মোড়ে মানুষের ভিড় দেখা যায়। নগরের বিভিন্ন সড়কে রঙিন আলোকসজ্জা করা হয়েছে। এতে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

চট্টগ্রাম মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের নেতারা জানান, জেএম সেন হলের পূজামণ্ডপে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী আসছেন। এ খবরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তারা আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।

সফরের অংশ হিসেবে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সভায় সভাপতিত্ব করবেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহ।

প্রধানমন্ত্রীর সফর ও দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম নগর ও জেলায় চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানিয়েছে, নিরাপত্তার দায়িত্বে ২০ হাজারের বেশি সদস্য নিয়োজিত থাকবেন।