Cvoice24.com

রেলওয়ের জমি দখল, সাবেক এমপি রুহেলের বিরুদ্ধে মামলা

সিভয়েস২৪ প্রতিবেদক
১৮:৩২, ১৯ অক্টোবর ২০২৬
রেলওয়ের জমি দখল, সাবেক এমপি রুহেলের বিরুদ্ধে মামলা

রেলওয়ের জমি অবৈধভাবে দখল করে সেখানে কারখানা নির্মাণ ও পুকুর ভরাটের অভিযোগে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেলের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অনুমোদনের অতিরিক্ত জমি দখলে রেখে ১ কোটি ১২ লাখ ৩৬ হাজার ১১৭ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

সোমবার (১৯ অক্টোবর) দুদকের সমন্বিত চট্টগ্রাম-২ জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক তাপছির বিল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দুদকের এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর পরিবেশবান্ধব সিমেন্ট, বালি ও হলো ব্লক কারখানা স্থাপনের জন্য মিরসরাই উপজেলার পশ্চিম হিংগুলী মৌজায় বাংলাদেশ রেলওয়ের ৩ দশমিক ৭৫৬৪ একর জমি দীর্ঘমেয়াদি লিজ পেতে আবেদন করেন মাহবুব উর রহমান রুহেল। তবে ইজারা মঞ্জুর হওয়ার আগেই তিনি অবৈধভাবে জমি দখল করে ৬ হাজার ৪৮৯ বর্গফুটের সেমিপাকা কারখানা এবং ৯৯০ বর্গফুটের দ্বিতল অফিস ভবন নির্মাণ শুরু করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এছাড়া অন্যের নামে কৃষি ও মৎস্য চাষের জন্য লিজ দেওয়া জমি এবং বিএস ৫১২০ দাগের পুকুর ভরাট করে দখলে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এজাহারে আরও বলা হয়, ২০১৭ সালে ভূ-সম্পত্তি ব্যবস্থাপনা নীতিমালা শিথিল করে তৎকালীন রেলমন্ত্রীর নির্দেশনায় গ্যাসমিন লিমিটেডকে বিএস ৫১১৯ দাগ থেকে মাত্র ০ দশমিক ৭৪ একর বা ৩২ হাজার ১৩০ বর্গফুট জমি বার্ষিক নবায়নের ভিত্তিতে লিজ দেওয়া হয়।

অনুমোদনের অতিরিক্ত ১৫৪ শতক জমি দখলের অভিযোগ

দুদকের সরেজমিন অনুসন্ধান সূত্রে জানা যায়, অনুমোদিত ০ দশমিক ৭৪ একর জমির বিপরীতে বিএস ৫১১৯ ও ৫১২০ দাগের মোট ২ দশমিক ২৮ একর বা ২২৮ শতক জমি দখলে রেখে ব্যবসায়িক কাজে ব্যবহার করছেন মাহবুব উর রহমান রুহেল। দখল করা জমিতে কারখানা, অফিসকক্ষ, মসজিদ, অজুখানা এবং ব্লক রাখা ও শুকানোর জন্য বড় মাঠ ও পানির ট্যাংক রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত অনুমোদিত ০ দশমিক ৭৪ একর জমির বিপরীতে ভ্যাট ও আয়করসহ মোট ৪৪ লাখ ৯৫ হাজার ৫২৯ টাকা ইজারামূল্য পরিশোধ করা হয়।

অন্যদিকে, প্রকৃত দখলে থাকা ২ দশমিক ২৮ একর জমির বিপরীতে সরকারের প্রাপ্য ছিল ১ কোটি ৫৭ লাখ ৩১ হাজার ৬৪৬ টাকা। এ হিসাবে অতিরিক্ত ১৫৪ শতক জমি অবৈধভাবে দখলে রেখে ব্যবহারের মাধ্যমে ১ কোটি ১২ লাখ ৩৬ হাজার ১১৭ টাকা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

দুদকের অনুমোদনে মামলা

দুদকের প্রধান কার্যালয়ের অনুমোদনের পরিপ্রেক্ষিতে মামলাটি দায়ের করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। অনুসন্ধান ও অনুমোদন প্রক্রিয়ার আনুষ্ঠানিকতার কারণে মামলা দায়েরে কিছুটা বিলম্ব হয়েছে বলেও জানানো হয়েছে।

মামলায় এ দখল ও আত্মসাৎ সংক্রান্ত ঘটনার সময় ধরা হয়েছে ২০১৬ সালের ২৬ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত। দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪২৭ ও ৪৪৭ ধারায় আসামির বিরুদ্ধে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা, ক্ষতিসাধন ও অবৈধ দখলের অভিযোগ আনা হয়েছে। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।