দশ তরুণ চেঞ্জমেকারকে সম্মাননা দিল জেসিআই বাংলাদেশ
সিভয়েস২৪ ডেস্ক
জেসিআই বাংলাদেশ-এর উদ্যোগে ‘টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসনস (টিওওয়াইপি) অব বাংলাদেশ ২০২৬’ গালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) ঢাকার র্যাডিসন ব্লু হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জন তরুণ-তরুণীকে সম্মাননা দেওয়া হয়।
বায়োবিল্ড ডেভেলপমেন্ট লিমিটেডের প্রেজেন্টিং স্পনসরশিপ এবং রিদমের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে সমাজে ইতিবাচক পরিবর্তন আনয়নকারী এবং বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখা তরুণদের সাফল্য, মনোবল ও অবদান উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি।
এ ছাড়া অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি ও জেসিআই বাংলাদেশের সদস্যরা অংশ নেন। আয়োজনের মধ্য দিয়ে তরুণদের কৃতিত্বের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নেতৃত্ব, সাফল্য এবং সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টির গুরুত্ব তুলে ধরা হয়।
জেসিআই বাংলাদেশের ২০২৬ সালের ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ অনুষ্ঠানে অতিথি ও পুরস্কারপ্রাপ্তদের স্বাগত জানান। অনুষ্ঠানের উপদেষ্টা এরফান হক এবং ইভেন্ট ডিরেক্টর শেখ মতিউর রহমান ও জাফির শাফি আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
টিওওয়াইপি বাংলাদেশ ২০২৬-এর পুরস্কারপ্রাপ্তরা
বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ এ বছর ‘টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসনস (টিওওয়াইপি) বাংলাদেশ ২০২৬’ পুরস্কার পেয়েছেন ১০ জন তরুণ-তরুণী। পুরস্কারপ্রাপ্তরা হলেন— মানবিক নেতৃত্বে অবদানের জন্য ডা. সুনসিলা জাবরিন প্রিয়াঙ্কা, এমপি; নৈতিক নেতৃত্বে মোহাম্মদ মহসিন; সংস্কৃতিতে সামানজার সাঈদ; ব্যবসায়িক সাফল্যে আমিদ সাকিফ খান; একাডেমিক নেতৃত্বে লিসা সাহা; উদ্যোক্তা হিসেবে সাফল্যের জন্য কাজী আশিকুর রাসুল; স্বেচ্ছাসেবামূলক নেতৃত্বে মোহাম্মদ জহিরুল ইসলাম; ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য আফেইদা খন্দকার; অর্থনৈতিক উন্নয়নে অবদানের জন্য মো. রাসেল বিন আহাদ এবং ব্যক্তিগত সাফল্যের জন্য আফসান আরা বিন্দু।
সহযোগী প্রতিষ্ঠান ও স্পনসর
অনুষ্ঠানের সিলভার স্পনসর ছিল স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, কার্টিভেল, মিউচুয়াল লজিস্টিকস সলিউশন, ইংলিশ থেরাপি, সেভেন সিজ শিপিং লাইনস, ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং রেড কার্পেট।
এ ছাড়া সিঙ্গুলারিটি লিমিটেড ছিল অনুষ্ঠানের ক্রিয়েটিভ পার্টনার, ক্রিমসন কাপ কফি পার্টনার, ক্রাফটিমান গিফট পার্টনার, জেফির ও ল্যামবার্ট রিফ্রেশমেন্ট পার্টনার এবং হারমিজন ফ্যাশন পার্টনার।
জেসিআই বাংলাদেশ আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)-এর একটি অংশ। এটি একটি বৈশ্বিক নেটওয়ার্ক, যা নেতৃত্বের বিকাশ, সামাজিক সম্পৃক্ততা ও সক্রিয় নাগরিকত্বের মাধ্যমে তরুণদের ইতিবাচক পরিবর্তন সৃষ্টিতে সক্ষম করে তোলার লক্ষ্যে কাজ করে।
অর্থ-বাণিজ্য সব খবর















