চট্টগ্রাম বন্দরের ছবি-ভিডিও ধারণে নিতে হবে অনুমতি
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম বন্দরের সংবেদনশীল স্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা, নজরদারি সক্ষমতা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর অননুমোদিত ছবি ও ভিডিও ধারণ এবং তা প্রকাশ বা প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। অনুমোদন ছাড়া এসব তথ্য প্রকাশ বা প্রচারের মাধ্যমে বন্দর নিরাপত্তা বিঘ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইন ও প্রচলিত নিরাপত্তা বিধিমালা অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কতা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান সামুদ্রিক প্রবেশদ্বার এবং জাতীয় অর্থনীতি, আমদানি-রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। আন্তর্জাতিক মানদণ্ড ও জাতীয় নিরাপত্তা বিধিমালা অনুসরণ করে বন্দরের কার্যক্রম পরিচালিত হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক জাহাজ ও বন্দর স্থাপনা নিরাপত্তা (আইএসপিএস) কোড অনুসরণকারী বন্দর হিসেবে চট্টগ্রাম বন্দর ‘জিরো অবজারভেশন’ অর্জন করেছে।
চট্টগ্রাম বন্দর দেশের গুরুত্বপূর্ণ ‘ক’ শ্রেণির কেপিআই বা গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় এর নিরাপত্তা, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সংবেদনশীল স্থাপনাগুলোর সুরক্ষা জাতীয় স্বার্থের সঙ্গে সরাসরি সম্পৃক্ত বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২-এর ১২ ধারার উল্লেখ করে বলা হয়েছে, বন্দরের সুষ্ঠু পরিচালনা ও সর্বসাধারণের প্রবেশাধিকার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বন্দর সীমানার অন্তর্ভুক্ত সব স্থান ও স্থাপনা সংরক্ষিত বন্দর এলাকা হিসেবে বিবেচিত।
নির্দেশনায় আরও বলা হয়, Official Secrets Act, 1923-এর বিধান অনুযায়ী রাষ্ট্রের নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট সংবেদনশীল স্থান, তথ্য, নকশা, ছবি বা অন্যান্য উপাত্তের অননুমোদিত ধারণ, প্রকাশ বা প্রচার আইনত দণ্ডনীয় হতে পারে।
কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম, গণমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে বন্দরের নিরাপত্তা ব্যবস্থা, সংরক্ষিত এলাকা, নজরদারি সক্ষমতা, স্থাপনার বিন্যাস ও অপারেশনাল তথ্য প্রকাশ বা প্রচারকে অনাকাঙ্ক্ষিত ও গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
নির্দেশনায় সংশ্লিষ্ট সবাইকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বন্দরের সংবেদনশীল স্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা, গুরুত্বপূর্ণ অবকাঠামো, প্রবেশ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, নজরদারি ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, জাহাজ ও কার্গো ব্যবস্থাপনা এবং অন্যান্য সংবেদনশীল স্থাপনার ছবি, ভিডিও বা স্কেচ তৈরি এবং যেকোনো ধরনের দৃশ্যমান তথ্য সংগ্রহ ও প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে।
বিশেষ করে কেপিআই, সংরক্ষিত এলাকা ও নিরাপত্তাসংশ্লিষ্ট স্থাপনার ক্ষেত্রে অনুমতিবিহীন কোনো কার্যক্রম না করার নির্দেশ দেওয়া হয়েছে।
বন্দর ব্যবহারকারীদের এসব নিরাপত্তা নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের আহ্বান জানিয়ে কর্তৃপক্ষ বলেছে, অননুমোদিত তথ্য প্রকাশ বা প্রচারের মাধ্যমে বন্দর নিরাপত্তা বিঘ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রযোজ্য আইন, নিরাপত্তা বিধিমালা ও বন্দর কর্তৃপক্ষের প্রচলিত নির্দেশনা অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অর্থ-বাণিজ্য সব খবর















