সিসিটিতেও কি এনসিটির মতো ছয় মাস পরপর অপারেটর নবায়নের ধারা?
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় ছয় মাস পরপর চুক্তির মেয়াদ বাড়িয়ে দীর্ঘদিন একই অপারেটরকে দায়িত্ব দেওয়ার নজির রয়েছে। এবার চট্টগ্রাম কনটেইনার টার্মিনালে (সিসিটি) নতুন অপারেটর নিয়োগেও সেই ছয় মাসের মেয়াদ নির্ধারণ করা হয়েছে। সীমিত দরপত্র পদ্ধতিতে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেডকে ছয় মাসের জন্য দায়িত্ব দেওয়ার অনুমোদন দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। ফলে নতুন করে প্রশ্ন উঠেছে, এনসিটির মতো সিসিটিতেও কি ছয় মাস পরপর অপারেটর নিয়োগ ও চুক্তি নবায়নের ধারা চালু থাকবে, নাকি এটি কেবল সাময়িক ব্যবস্থা?
সোমবার (২৩ নভেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রসনা শারমিন মিথি স্বাক্ষরিত এক চিঠিতে সিসিটি পরিচালনার জন্য এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেডকে নিয়োগের অনুমোদন দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, আগামী ২৪ নভেম্বর থেকে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেডকে ছয় মাসের জন্য অপারেটর হিসেবে নিয়োগের এ অনুমোদন কার্যকর হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে কনটেইনার ও কনটেইনারজাত কার্গো হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানটিকে নিয়োগের কথা বলা হয়েছে।
এর আগে এনসিটি ও সিসিটি পরিচালনার দায়িত্বে ছিল সাইফ পাওয়ারটেক লিমিটেড। প্রতিষ্ঠানটির সঙ্গে বন্দরের চুক্তির মেয়াদ শেষ হয় গত ২ নভেম্বর। নতুন অপারেটর নিয়োগ না হওয়ায় জরুরি ভিত্তিতে আরও তিন সপ্তাহ প্রতিষ্ঠানটিকে কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেয় বন্দর কর্তৃপক্ষ। এরপর ছয় মাসের জন্য নতুন অপারেটর নিয়োগে সীমিত দরপত্র আহ্বান করা হয়।
দরপত্রে চারটি প্রতিষ্ঠান অংশ নেয়। এগুলো হলো—এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড, বি অ্যান্ড এম-ওশেনিয়া জেভি, শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড এবং দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড। দরপত্রে এভারেস্ট পোর্ট সার্ভিসেস সর্বনিম্ন দরদাতা হয়। ছয় মাসের জন্য প্রতিষ্ঠানটির প্রস্তাবিত দর ৩০ কোটি ১৫ লাখ টাকা। তবে শুধু সর্বনিম্ন দর নয়, কারিগরি ও আর্থিক মূল্যায়নের ভিত্তিতে অপারেটর নির্বাচনের কথা জানিয়েছিল বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, মূল্যায়ন শেষে ২৩ নভেম্বরের মধ্যে নতুন অপারেটর নিয়োগের লক্ষ্য রয়েছে। এদিকে দরপত্রের শর্ত শিথিল করা হলেও দরপত্র প্রকাশের পর কাগজপত্র কেনার জন্য প্রতিষ্ঠানগুলো মাত্র এক দিন সময় পেয়েছিল। ফলে বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের অভিজ্ঞতা থাকা নয়টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র একটি দরপত্রে অংশ নেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এনসিটিতে সাইফ পাওয়ারটেকের দীর্ঘ সময়ের দায়িত্ব
এনসিটি পরিচালনায় সাইফ পাওয়ারটেকের দায়িত্ব পাওয়ার ইতিহাসও এ ক্ষেত্রে আলোচনায় আসছে। ২০১৫ সালে প্রতিষ্ঠানটি ও তার সহযোগী দুটি কোম্পানি বন্দরের সঙ্গে চুক্তি করে। ওই বছরের জুনে ৪ ও ৫ নম্বর জেটি এবং সেপ্টেম্বরে ২ ও ৩ নম্বর জেটি পরিচালনার দায়িত্ব পায় তারা। প্রাথমিকভাবে দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল।
তবে এরপর এনসিটি পরিচালনায় নতুন করে দরপত্র আহ্বান করা হয়নি। সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ছয় মাস করে চুক্তির মেয়াদ বাড়িয়ে প্রতিষ্ঠানটিকে দায়িত্ব দেওয়া হয়। এভাবে টানা ১১ বার ছয় মাসের চুক্তি পায় সাইফ পাওয়ারটেক। ২০২৫ সালের ৭ জানুয়ারি প্রতিষ্ঠানটিকে দ্বাদশ ছয় মাসের মেয়াদে দায়িত্ব দেওয়া হয়।
পরবর্তী সময়ে এনসিটির দায়িত্ব সাইফ পাওয়ারটেকের কাছ থেকে সরিয়ে নেওয়া হয়। ২০২৫ সালের ৭ জুলাই থেকে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড ছয় মাসের জন্য টার্মিনালটির ব্যবস্থাপনার দায়িত্ব নেয়।
প্রশ্ন উঠছে সিসিটির ভবিষ্যৎ নিয়ে
এনসিটিতে সাইফ পাওয়ারটেকের ক্ষেত্রে দীর্ঘদিন ছয় মাস পরপর চুক্তি নবায়নের যে নজির তৈরি হয়েছিল, সিসিটিতে ছয় মাসের জন্য নতুন অপারেটর নিয়োগের ঘটনায় সেই প্রশ্ন আবার সামনে এসেছে। সিসিটিতেও কি পরবর্তী সময়ে একইভাবে ছয় মাস পরপর অপারেটর নিয়োগ বা চুক্তি নবায়ন করা হবে, নাকি দীর্ঘমেয়াদি অপারেটর নিয়োগের জন্য আলাদা প্রক্রিয়া নেওয়া হবে?
এ বিষয়ে কথা বলতে চাইলে বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী নাম প্রকাশ না করা শর্তে বলেন, ‘মন্ত্রণালয়ের অনুমোদনপত্রে এভারেস্ট পোর্ট সার্ভিসেসকে ছয় মাসের জন্য নিয়োগের কথা বলা হলেও পরবর্তী মেয়াদে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে কিছু উল্লেখ নেই। ফলে ছয় মাসের এই নিয়োগ কেবল অন্তর্বর্তী ব্যবস্থা, নাকি সিসিটি পরিচালনায়ও স্বল্পমেয়াদি চুক্তি নবায়নের ধারার সূচনা- তা জানতে বন্দর কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকতে হবে।’
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর















