Cvoice24.com

নোটিশ পেয়ে নিজ উদ্যোগেই ভুল শুধরালেন ভবন মালিক

সিভয়েস২৪ প্রতিবেদক
১৮:২৬, ২৩ নভেম্বর ২০২৬
নোটিশ পেয়ে নিজ উদ্যোগেই ভুল শুধরালেন ভবন মালিক

চট্টগ্রাম নগরের পাঠানটুলীতে অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণের অভিযোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) নোটিশ পাওয়ার পর নিজ উদ্যোগেই নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলেছেন ভবন মালিকরা। উচ্ছেদ অভিযান বা কোনো ধরনের বলপ্রয়োগ ছাড়াই নিজেদের খরচে এ পদক্ষেপ নিয়েছেন তাঁরা। ভবন মালিকদের এমন উদ্যোগকে আইনের প্রতি শ্রদ্ধাশীল ও ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

সোমবার (২৩ নভেম্বর) নগরের ডবলমুরিং থানার পাঠানটুলী খান বাড়ি এলাকায় এ ঘটনার তথ্য জানান চউকের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ আবুল হাসনাত।

তিনি জানান, পাঠানটুলী মৌজার তফসিলভুক্ত জমিতে তিন ইউনিটবিশিষ্ট ছয়তলা আবাসিক ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছিল। তবে অনুমোদিত নকশার শর্ত লঙ্ঘন করে ভবনের চারপাশে নির্ধারিত জায়গা খালি না রেখেই দ্বিতীয় তলার কলাম নির্মাণ করা হচ্ছিল।

স্থানীয় এক বাসিন্দার অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিন তদন্ত করে অভিযোগের সত্যতা পায় চউক। পরে গত ৪ নভেম্বর চউকের অথরাইজড অফিসার-২ ও ইমারত নির্মাণ কমিটি-২-এর সদস্যসচিব তানজিব হোসেন স্বাক্ষরিত নোটিশে ইমারত নির্মাণ আইন অনুযায়ী সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে নকশাবহির্ভূত অংশ অপসারণ না করা পর্যন্ত সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

চউকের নোটিশ পাওয়ার পর কোনো ধরনের কালক্ষেপণ বা তদবিরের আশ্রয় না নিয়ে ভবন মালিকরা নিজ উদ্যোগে ও নিজ খরচে নকশাবহির্ভূত কলাম ও বর্ধিত অংশ ভেঙে ফেলেন।

ভবন মালিকদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন নগরবাসীকে ইমারত নির্মাণ আইন মেনে ভবন নির্মাণের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘নগরবাসীর জানমালের নিরাপত্তা এবং একটি পরিকল্পিত ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে ইমারত নির্মাণ আইন মেনে চলার কোনো বিকল্প নেই। ভবন মালিক নোটিশ পেয়ে যেভাবে নিজ উদ্যোগে ভুল সংশোধন করে নিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা চাই প্রতিটি ভবন মালিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হোক এবং নকশার কোনো ব্যত্যয় হয়ে থাকলে উচ্ছেদ অভিযানের অপেক্ষা না করে নিজ উদ্যোগেই তা সংশোধন করে নিক।’

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর