মিরসরাইয়ে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার দুই
মিরসরাই প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনে ইউনিয়ন যুবলীগের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রবিবার (২২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন।
গ্রেপ্তাররা হলেন— উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. নুরুল মোস্তফার ছেলে মো. পলাশ মেম্বার (৪৮) এবং ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর হাদিফকিরহাট এলাকার জয়নাল আবেদীনের ছেলে মোহাম্মদ সাহাবউদ্দিন (৩০)।
পুলিশ জানায়, পলাশ মেম্বার মঘাদিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য। অন্যদিকে সাহাবউদ্দিনের বিরুদ্ধে থানায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
ওসি ফরিদা ইয়াসমিন বলেন, সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠনের মঘাদিয়া ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য পলাশ মেম্বারকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে থানার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সাহাবউদ্দিনকে পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে আজ রবিবার দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














