Cvoice24.com

ক্যাম্পাসের স্মৃতি আর বন্ধুত্বের টানে এক হলেন নর্থ সাউথের প্রাক্তনরা

সিভয়েস২৪ ডেস্ক
১৭:২৯, ২১ নভেম্বর ২০২৬
ক্যাম্পাসের স্মৃতি আর বন্ধুত্বের টানে এক হলেন নর্থ সাউথের প্রাক্তনরা

পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা, স্মৃতিচারণ, হাসি-আড্ডা আর পরিবারের সদস্যদের নিয়ে আনন্দঘন সময় কাটানো—সব মিলিয়ে দিনটি যেন হয়ে উঠেছিল এক টুকরো ক্যাম্পাসজীবন। চট্টগ্রামে নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের এমনই এক মিলনমেলায় মুখর হয়ে উঠেছিল ওয়েল অ্যাগ্রো।

শুক্রবার (২০ নভেম্বর) অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ সাউথ ইউনিভার্সিটি, চট্টগ্রাম (আনসু চট্টগ্রাম)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘এনএসইউ অ্যালামনাই ডে আউট ২০২৬’। দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন।

শুধু আনুষ্ঠানিক পুনর্মিলন নয়, এ আয়োজনের মূল লক্ষ্য ছিল দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও দৃঢ় করা, পুরোনো সম্পর্কগুলো নতুন করে ঝালিয়ে নেওয়া এবং পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে আনন্দঘন সময় কাটানোর সুযোগ তৈরি করা।

দিনব্যাপী আয়োজনে ছিল পরিচিতি ও মতবিনিময় পর্ব, বিভিন্ন আকর্ষণীয় খেলাধুলা, বোটিং ও ফিশিংসহ নানা আউটডোর কার্যক্রম। পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের বিশেষ মিলনমেলা, র‍্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আনসু চট্টগ্রামের সভাপতি জসিম আহমেদ। তিনি প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানান। বক্তব্যে তিনি বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখা এবং একটি প্রাণবন্ত ও অন্তর্ভুক্তিমূলক অ্যালামনাই কমিউনিটি গড়ে তোলা জরুরি।

তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বের পাশাপাশি পেশাগত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রও বিস্তৃত হবে।

অনুষ্ঠানটি সফল করতে গঠিত আয়োজক কমিটির কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেন গোলাম সারওয়ার চৌধুরী এবং কো-কনভেনর ছিলেন মোহাম্মদ ইসমাইল মুন্না। কমিটির অন্য সদস্যরা হলেন চৌধুরী নিয়াজ আহমেদ, শাহরিয়ার ইসলাম খান ও মোহাম্মদ তুহিব চৌধুরী। তাদের পরিকল্পনা, সমন্বয় ও সম্মিলিত প্রচেষ্টায় দিনব্যাপী আয়োজনটি সম্পন্ন হয়।

আয়োজকেরা মনে করেন, একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শক্তি শুধু একই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী হওয়ার পরিচয়ে সীমাবদ্ধ নয়; বরং পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব, সহযোগিতা ও দীর্ঘস্থায়ী সম্পর্কের মধ্যেই এর প্রকৃত ভিত্তি। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে চট্টগ্রামে নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশা তাদের।

ক্যাম্পাস সব খবর