Cvoice24.com

রামগড়ে যৌথ অভিযানে পিস্তল-গুলিসহ ব্যবসায়ী আটক

রামগড় প্রতিনিধি
১০:৩৩, ২০ নভেম্বর ২০২৬
রামগড়ে যৌথ অভিযানে পিস্তল-গুলিসহ ব্যবসায়ী আটক

খাগড়াছড়ির রামগড় উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় তৈরি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ দেবনাথ (৬১) নামে এক কসমেটিকস ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শ্মশানটিলা এলাকায় ওই ব্যক্তির বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। সিন্ধুকছড়ি জোনের (২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) সেনাসদস্যরা রামগড় থানা-পুলিশের সহযোগিতায় এ অভিযান চালান।

আটক সাগর দেবনাথ রামগড় পৌরসভার শ্মশানটিলা গ্রামের মৃত জদু দেবনাথের ছেলে। তিনি রামগড় বাজারের একজন ক্ষুদ্র কসমেটিকস ব্যবসায়ী। 
অভিযোগ রয়েছে, তিনি চোরাইপথে ভারত থেকে কসমেটিকসসহ বিভিন্ন পণ্য এনে রামগড়ে বিক্রি করতেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। উদ্ধার করা অস্ত্র সংরক্ষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।