আটক ৪
এমপির বাড়িতে হামলার চেষ্টা, পুলিশের দাবি ‘সড়ক অবরোধ’
আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের আনোয়ারায় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বাসভবনের সামনের সড়কে গাছ কেটে অবরোধ তৈরির সময় চারজনকে আটক করেছে পুলিশ। সংসদ সদস্যের দাবি, তাকে লক্ষ্য করে বাসভবন ঘেরাও ও হামলার চেষ্টা করা হয়েছিল। তবে পুলিশ বলছে, ঘটনাটি এমপির বাড়িতে হামলার নয়, বরং সড়ক অবরোধের চেষ্টা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সংসদ সদস্যের বাসভবনের সামনের সড়কে গাছ কেটে অবরোধ তৈরির সময় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা চারজনকে আটক করেন। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, ‘তারা আমার বাসভবন ঘেরাও করার চেষ্টা করেছিল। হামলার উদ্দেশ্যে আমাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে আমাদের দলের নেতা-কর্মীরা প্রতিরোধ গড়ে তোলায় তারা সামনে এগোতে পারেনি। হামলা হয়নি, তবে পরিস্থিতি এমন ছিল যে হামলা হওয়ার আশঙ্কা ছিল।’
স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের দাবি, আটক ব্যক্তিরা অগ্নিসংযোগ ও দেশীয় অস্ত্র নিয়ে সংসদ সদস্যের বাসভবনে হামলার উদ্দেশ্যে সেখানে এসেছিলেন। তাদের ধাওয়া করলে তারা গুলি ছুড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় চারজনকে আটক করা হয়।
বিএনপি নেতা জিকু বলেন, ‘তারা গাছ কেটে সড়ক অবরোধ করতে আসে। এ সময় আমরা ধাওয়া করলে তারা গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। আমরা চারজনকে আটক করি। পরে পুলিশ এসে তাদের নিয়ে যায়। তাদের কাছে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ছিল।’
এ ঘটনায় ছাত্রদলের দুই কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় নেতা-কর্মীরা। আহতরা হলেন— দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য আরফাদ ও আনোয়ারা উপজেলা ছাত্রদলের কর্মী বোরহান।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা সবাই দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দারের অনুসারী। ঘটনার রাতে রবিউল হায়দার তার ফেসবুক আইডিতে গাছ কাটার একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে কয়েকজনকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে এবং সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করতে দেখা যায়।
তবে ঘটনাটিকে সংসদ সদস্যের বাসভবনে হামলার ঘটনা হিসেবে দেখছে না পুলিশ। আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, ‘এমপির বাড়িতে হামলার ঘটনা এমন নয়। তারা রাস্তায় গাছ কেটে টায়ার জ্বালিয়ে অবরোধ করতে এসেছিলেন। পুলিশ টহলে ছিল। স্থানীয় বিএনপি নেতা-কর্মীরাও সেখানে ছিলেন।’
তিনি জানান, সড়কে অবরোধ তৈরির চেষ্টার ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












