Cvoice24.com

টেকনাফের বনে গুলিবিদ্ধ হাতি, শরীরে আট ক্ষতচিহ্ন

কক্সবাজার প্রতিনিধি, সিভয়েস২৪
১৭:১৭, ১৮ নভেম্বর ২০২৬
টেকনাফের বনে গুলিবিদ্ধ হাতি, শরীরে আট ক্ষতচিহ্ন

কক্সবাজারের টেকনাফের শীলখালী বনাঞ্চলে গুলিবিদ্ধ একটি বন্যহাতির সন্ধান পেয়েছে বন বিভাগ। হাতিটির শরীরে আটটি গুলির ক্ষতচিহ্ন পাওয়া গেছে। 

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ডুলাহাজারা সাফারি পার্কের চিকিৎসক দল হাতিটিকে চিকিৎসা দিয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, বুধবার সকালে বন বিভাগের সদস্য ও চিকিৎসক দলের সদস্যরা আহত হাতিটির সন্ধানে শীলখালী বনাঞ্চলে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে গভীর বনাঞ্চলে হাতিটির অবস্থান শনাক্ত করা হয়। পরে ঘটনাস্থলেই তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।

শীলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তহিদুল ইসলাম বলেন, গভীর বনাঞ্চলে আহত হাতিটির অবস্থান শনাক্তের পর ট্যাঙ্কুলাইজার গান প্রয়োগ করে চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়। পরে ডুলাহাজারা সাফারি পার্কের তিন সদস্যের চিকিৎসক দল হাতিটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়।

তিনি আরও বলেন, চিকিৎসার সময় হাতিটির শরীরে গুলির আটটি ক্ষতচিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে দুটি পায়ে এবং বাকি ছয়টি শরীরের বিভিন্ন স্থানে রয়েছে।

এর আগে, জাহাজপুরা গর্জন বাগান এলাকায় দুটি বন্যহাতিকে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় লোকজন। এ সময় একটি হাতির পায়ে আঘাতের চিহ্ন দেখতে পান তারা। পরে বিষয়টি বন বিভাগকে জানানো হলে আহত হাতিটির সন্ধানে বন বিভাগের সদস্যরা বনাঞ্চলে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে হাতিটির অবস্থান শনাক্ত করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।