উখিয়ায় পাহাড় কেটে বালু পাচার, ডাম্পার জব্দ
কক্সবাজার প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে বালু পাচারের সময় বালুভর্তি একটি ডাম্পার জব্দ করেছে বন বিভাগ। তবে অভিযানের খবর পেয়ে পালিয়ে গেছেন এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ৩টার দিকে উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের ওমর আলী ঘোনা-গয়ালমারা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ডাম্পারটি জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, পাহাড় কেটে বালু পাচারের সময় ডাম্পারটি জব্দ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত সাহাবউদ্দিন ওরফে সোনামিয়া। তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত মাহবুব আলমের ছেলে। অভিযানের সময় তিনি পালিয়ে যান।
অভিযানে নেতৃত্ব দেন থাইংখালী বন বিট কর্মকর্তা আরফাত মাহমুদ।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজার সব খবর















