রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত, অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রামের রাউজানে ফেসবুকে ভিডিও আপলোডকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও লোহার পাত দিয়ে পিটিয়ে গুরুতর জখমের ঘটনায় অভিযুক্ত সাব্বিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল।
তিনি জানান, ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সাব্বিরকে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
এর আগে, শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাট বাজারের আমির মার্কেটে এ হামলার ঘটনা ঘটে। ফেসবুকে ভিডিও আপলোড করাকে কেন্দ্র করে বিরোধের জেরে মুহাম্মদ মুরাদ (৩৫) নামের এক কাপড় ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও লোহার পাত দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
আহত মুরাদ ওই ইউনিয়নের পটিয়াপাড়া গ্রামের প্রবীণ ব্যবসায়ী এটিএম শামসুদ্দিনের ছেলে। তিনি পথেরহাট বাজারে বাবার মালিকানাধীন ‘মৌসুমি স্টোর’ নামের কাপড়ের দোকানে বসতেন। অভিযুক্ত সাব্বিরও একই গ্রামের বাসিন্দা।
জানা গেছে, শনিবার সন্ধ্যার পর মুরাদের দোকানে গিয়ে সাব্বির ফেসবুকে একটি ভিডিও আপলোডের বিষয় নিয়ে তার ছোট ভাই মানিকের (২৬) সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে সেখান থেকে চলে গেলেও পরে আবার দোকানে ফিরে মানিকের বড় ভাই মুরাদের কাছে বিষয়টি জানতে চান সাব্বির।
এ সময় মুরাদ ও সাব্বিরের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মুরাদ দৌড়ে পালানোর চেষ্টা করলে সাব্বির তাকে ধাওয়া করেন। পরে তাকে ছুরিকাঘাতের পাশাপাশি লোহার পাত দিয়েও আঘাত করা হয় বলে অভিযোগ করেন স্থানীয় ব্যবসায়ীরা।
এতে মুরাদের পেটসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম নগরের বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর















