Cvoice24.com

মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্য-কর্মসংস্থানের অধিকার প্রতিষ্ঠার আহ্বান
হালিশহরে যুব ইউনিয়নের প্রথম সম্মেলন, নতুন নেতৃত্বে সুমন-সরওয়ার

সিভয়েস২৪ ডেস্ক
১০:৫৬, ১৬ নভেম্বর ২০২৬
হালিশহরে যুব ইউনিয়নের প্রথম সম্মেলন, নতুন নেতৃত্বে সুমন-সরওয়ার

বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম মহানগরের হালিশহর থানা কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় হালিশহর এ-ব্লক এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‘চাই স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান—মুক্তিযুদ্ধের চেতনায় হোক তারুণ্যের উত্থান’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে তরুণ সমাজের অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মানসম্মত শিক্ষা এবং সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানানো হয়।

হালিশহর থানা যুব ইউনিয়নের আহ্বায়ক সুমন তালুকদারের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সরওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি শাহ আলম এবং সহসভাপতি ও কোতোয়ালি থানা কমিটির সভাপতি সাবিলা তানজিল।

সভায় বক্তারা বলেন, দেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। এই বিপুল যুবশক্তিকে জাতীয় উন্নয়নে কাজে লাগাতে হলে মানসম্মত শিক্ষা, কর্মসংস্থান, চিকিৎসাসেবা ও সুস্থ সাংস্কৃতিক পরিবেশ নিশ্চিত করতে হবে। বেকারত্ব, বৈষম্য, সাম্প্রদায়িকতা ও সামাজিক অবিচারের বিরুদ্ধে তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

বক্তারা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা বাস্তবায়নে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একটি মানবিক, প্রগতিশীল ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে বাংলাদেশ যুব ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সম্মেলনে হালিশহর থানার বিভিন্ন পর্যায়ের যুবকর্মী, সংগঠক ও স্থানীয় তরুণরা অংশ নেন।

সম্মেলনের শেষপর্যায়ে সুমন তালুকদারকে সভাপতি, মো. গোলাম সরওয়ারকে সাধারণ সম্পাদক এবং ড্যানী বিশ্বাসকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট বাংলাদেশ যুব ইউনিয়ন হালিশহর থানা কমিটি গঠন করা হয়।