Cvoice24.com

সড়কের পাশে ঘুমন্ত শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ, চাপা দিয়ে গেল বাস

সিভয়েস২৪ ডেস্ক
১২:৩৫, ১৬ নভেম্বর ২০২৬
সড়কের পাশে ঘুমন্ত শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ, চাপা দিয়ে গেল বাস

একটু নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন তিনি। হয়তো ক্লান্ত শরীরটাকে বিশ্রাম দিচ্ছিলেন সড়কের পাশে। কিন্তু সেই ঘুম যে জীবনের শেষ ঘুম হয়ে উঠবে, তা কি জানতেন ৬০ বছর বয়সী আবুল কালাম? চলন্ত মিনিবাসের চাকায় পিষ্ট হয়ে শেষ পর্যন্ত প্রাণ হারালেন তিনি। 

রবিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা ২২ মিনিটের দিকে চট্টগ্রামের পটিয়া পৌর সদরের উপজেলা ভূমি অফিসসংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহত আবুল কালাম দক্ষিণ গোবিন্দারখীল এলাকার মৃত আবদুর রশিদের ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন।

দুর্ঘটনার একটি ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, আবুল কালাম শরীরের পুরোটা কাপড়ে ঢেকে সড়কের পাশে ঘুমিয়ে ছিলেন। এ সময় ‘মাশাল্লাহ’ নামের একটি মিনিবাস ওই স্থানে ঘোরানোর সময় তার শরীরের ওপর দিয়ে উঠে যায়। প্রথমবার চাপা দেওয়ার পর বাসটি পেছনের দিক থেকে আবারও তাকে চাপা দেয়।

ভিডিওতে আরও দেখা যায়, স্থানীয় লোকজন চিৎকার করে বাসটিকে থামানোর চেষ্টা করলেও চালক গাড়িটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। বাসটি চলে যাওয়ার পরও আবুল কালামকে শেষবারের মতো হাত নাড়াতে দেখা যায়। পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকেও বাসটির দিকে ইঙ্গিত করে কিছু বলতে দেখা যায়।

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ইশান জানান, ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।