চসিকের রাজস্ব আদায়ে বৈষম্য হবে না: প্রশাসক
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) রাজস্ব আদায়ে কোনো ধরনের বৈষম্য করা হবে না বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, আইন ও বিধি অনুযায়ী সবার কাছ থেকেই প্রাপ্য রাজস্ব আদায় করা হবে। নগরের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি করপোরেশনের নিজস্ব আয় বাড়ানোর বিকল্প নেই।
রবিবার (১৫ নভেম্বর) সকালে যানজট, কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগরের মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে এলাকার গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতা ও শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।
ডা. শাহাদাত হোসেন বলেন, ‘সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা ও অন্যান্য নাগরিক সেবা পরিচালনায় বিপুল অর্থের প্রয়োজন হয়। তাই নাগরিক ও ব্যবসায়ীদের নিয়মিত হোল্ডিং ট্যাক্সসহ প্রাপ্য রাজস্ব পরিশোধ করতে হবে। সিটি করপোরেশনের নিজস্ব আয় বৃদ্ধি ছাড়া নগরের প্রত্যাশিত উন্নয়ন নিশ্চিত করা কঠিন।’
নগর উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রশাসক বলেন, 'সিটি করপোরেশনের নিজস্ব সম্পদ ও জায়গাগুলো যথাযথভাবে ব্যবহার করে আয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। চট্টগ্রামে বাংলাদেশের প্রথম আধুনিক সিটি সেন্টার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সেখানে নাগরিকদের অনুষ্ঠান আয়োজন, বিনোদন ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি নগরের বিভিন্ন এলাকায় অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সুবিধা সম্প্রসারণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।'
মাঝিরঘাট এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘যেসব সড়ক সংস্কার করা প্রয়োজন, সেগুলোর সুনির্দিষ্ট তালিকা ও প্রয়োজনীয় তথ্য সিটি করপোরেশনকে দিলে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট প্রকৌশলীদের মাধ্যমে প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তবে উন্নয়নকাজের পাশাপাশি সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদেরও সহযোগিতা প্রয়োজন।’
নগরকে নিরাপদ ও বাসযোগ্য করে তুলতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে ডা. শাহাদাত বলেন, ‘যানজট, কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধ শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় সংগঠনসহ সমাজের সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
তিনি বলেন, ‘কিশোর ও তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও মেলামেশার বিষয়ে খোঁজখবর রাখতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পাঠ্যশিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোকে মাদক, কিশোর গ্যাং এবং ছিনতাইয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
নগর পরিচ্ছন্ন রাখার বিষয়ে প্রশাসক বলেন, ‘সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা তাঁদের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নাগরিকদেরও নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে এবং সড়ক ও জনসাধারণের চলাচলের পথ পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করতে হবে। প্রশাসন ও নাগরিকদের পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধের মাধ্যমে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব।’
মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইলিয়াসের সভাপতিত্বে এবং সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সরোয়ার বাবুলের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোহাম্মদ সালাহউদ্দিন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর















