Cvoice24.com

কাট্টলীতে আগুনে পুড়ল জেলেদের ৩০ ঝুপড়িঘর

সিভয়েস২৪ প্রতিবেদক
১৮:২৭, ১৬ নভেম্বর ২০২৬
কাট্টলীতে আগুনে পুড়ল জেলেদের ৩০ ঝুপড়িঘর

চট্টগ্রাম নগরের দক্ষিণ কাট্টলী রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে জেলেদের প্রায় ৩০টি ঝুপড়িঘর পুড়ে গেছে। 

সোমবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে একটার দিকে এ আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দু’ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ফেলে দেওয়া সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় খেলন জলদাস বলেন, ‘হঠাৎ এক জায়গা থেকে আগুন উঠতে শুরু করে। ঝুপড়িঘরগুলো খুব ছোট হওয়ায় দেখতে দেখতে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে কারও শারীরিক ক্ষতি হয়নি। তবে ঘর পুড়ে যাওয়ার মতো ক্ষতি সামলে ওঠাটা আমাদের জন্য অনেক কষ্টকর।’

আগুন লাগার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘আগুন কীভাবে লেগেছে, তা তো ঠিক বলতে পারি না। তবে ধারণা করছি, কারও ফেলে দেওয়া সিগারেটের আগুন থেকে এ দুর্ঘটনা ঘটেছে।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, ‘রাসমণি ঘাট এলাকায় দুপুর পৌনে একটার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। আগুন বিকেল পৌনে তিনটার দিকে নিয়ন্ত্রণে আসে। আগুনে ঘাট এলাকায় থাকা ছোট ছোট প্রায় ৩০টি জেলেদের ঝুপড়িঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পরে জানানো হবে।’

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর