এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চাকরিচ্যুত শ্রমিকদের বিক্ষোভ
আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এস আলম গ্রুপের বন্ধ কারখানাগুলো চালুর দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন চাকরিচ্যুত শ্রমিকেরা। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মইজ্যারটেক এলাকা থেকে মিছিলটি বের হয়। কয়েক শ শ্রমিকের অংশগ্রহণে মিছিলটি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশে যাত্রা করে।
এ সময় শ্রমিকেরা কারখানা চালুর দাবিতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড বহন করেন। জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কথা জানান তারা।
বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয় বিপুলসংখ্যক পুলিশ সদস্য।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, এস আলমের কারখানাগুলো চালুর দাবিতে শ্রমিকেরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে গেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় পুলিশ সতর্ক অবস্থানে ছিল। তবে শ্রমিকদের সঙ্গে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত, কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক, ইছানগর ও কালারপুল এলাকায় এস আলম গ্রুপের সিমেন্ট, ইস্পাত, সয়াবিন ও চিনিসহ বিভিন্ন খাতের ১০টির বেশি কারখানা রয়েছে। এসব কারখানায় কয়েক হাজার শ্রমিক কর্মরত ছিলেন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর থেকে একে একে কারখানাগুলো বন্ধ হয়ে যায়। সর্বশেষ বন্ধ ঘোষণা করা হয় এস আলম সুগার মিল।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর















