জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, টেকনাফের আবু তাহেরের ৬ বছরের কারাদণ্ড
সিভয়েস২৪ প্রতিবেদক
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের মামলায় কক্সবাজারের টেকনাফের আবু তাহের নামে এক ব্যক্তিকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ কোটি ৭৭ লাখ ৭১ হাজার ২০৮ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আবু তাহের কক্সবাজারের টেকনাফ উপজেলার দক্ষিণ হ্নীলা লেদা পূর্বপাড়ার জালাল আহম্মেদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম জানান, ১৪ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আবু তাহেরকে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় এক বছর এবং ২৭(১) ধারায় পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। দুই ধারায় মোট ছয় বছরের কারাদণ্ডের পাশাপাশি তাকে জরিমানাও করা হয়েছে।
মামলার নথি সূত্রে জানা যায়, ব্যবসার আড়ালে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আবু তাহেরের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানে তার নামে ৩ কোটি ৭ লাখ ৬০ হাজার ২০৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। এর মধ্যে ১ লাখ ৮৫ হাজার ৮০৮ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়।
দুদকের অনুসন্ধানে তার সম্পদ অর্জনের বিপরীতে বৈধ ও গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ২৩ লাখ ৯০ হাজার টাকা। অন্যদিকে পারিবারিক ও অন্যান্য ব্যয় ছিল ৭ লাখ ৪০ হাজার টাকা। সব হিসাব পর্যালোচনা করে তার সম্পদ ও ব্যয়ের সঙ্গে বৈধ আয়ের ২ কোটি ৯১ লাখ ১০ হাজার ২০৮ টাকার অসংগতি পাওয়া যায়।
এ ঘটনায় ২০২৩ সালের ২৫ জুলাই কক্সবাজার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে আবু তাহেরের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি করা হয়।
মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচার শুরু হয়।
কক্সবাজার সব খবর















