রান্নার চুলার আগুনে পুড়ল দিনমজুরের বসতঘর
পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় রান্নার চুলা থেকে লাগা আগুনে দিনমজুর জাবের উদ্দিনের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় মালামালসহ সবকিছু পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বসতঘর হারিয়ে পরিবার নিয়ে এখন চরম দুর্ভোগে পড়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের সোনাইছড়ী কইড়ারপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানান, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় টিনের চালা ও কাঠের অবকাঠামোসহ পুরো বসতঘর পুড়ে যায়।
খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত দিনমজুর জাবের উদ্দিন বলেন, বসতঘর পুড়ে যাওয়ায় তিনি চরম বিপাকে পড়েছেন। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে পরিবার নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে তাঁকে।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
কক্সবাজার সব খবর















