ষড়যন্ত্রকারীদের ঠেকাতে বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট : ভূমি প্রতিমন্ত্রী
সিভয়েস২৪ প্রতিবেদক
দেশবিরোধী ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রকারীদের প্রতিরোধে প্রশাসনের প্রয়োজন হবে না, বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, ‘যদি দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র করেন, জেনে রাখবেন, প্রশাসনের প্রয়োজন হবে না। আমার দলের নেতাকর্মীরা যথেষ্ট উচ্ছৃঙ্খলকারী ও নৈরাজ্যকারীদের প্রতিরোধ করতে।’
শনিবার (১৪ নভেম্বর) নগরের লালখান বাজারে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় নির্মিত ফুটওভার ব্রিজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল বলেন, ‘আপনারা যে কাজ করতে চাচ্ছেন, ওই ধরনের কাজ মোকাবিলার সক্ষমতা আমাদের রয়েছে। আমাদের সঙ্গে অনেক কর্মী আছে।’
সমাবেশে দেশের অর্থনৈতিক অগ্রগতির কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিতে নতুন অগ্রযাত্রা শুরু হয়েছে। বিদেশি বিনিয়োগ প্রায় ১২ থেকে ১৪ শতাংশ বেড়েছে। প্রকল্প বাস্তবায়নের হারও বৃদ্ধি পেয়েছে।’ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে এই অগ্রযাত্রায় সবাইকে অংশীদার হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিজ নিজ এলাকার উন্নয়ন প্রস্তাব দেওয়ার আহ্বান জানান মীর হেলাল। তিনি বলেন, ‘বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, তাঁতী দল ও কৃষক দলের নেতারা উন্নয়ন প্রস্তাব দিলে সেগুলো অনুমোদনের জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব।’
১৩ নম্বর ওয়ার্ডের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘এই এলাকার পাশেই আমার বেড়ে ওঠা। আমার চাচারা এখনো সেখানে বসবাস করেন। এলাকার মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। এলাকায় বারবার দুর্ঘটনার খবর পেয়ে আমি নিজেও মানববন্ধনে অংশ নিয়েছি। তখন সংশ্লিষ্টরা ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়েছিলেন।’
নির্মিত ফুটওভার ব্রিজটিকে চট্টগ্রামের সবচেয়ে দৃষ্টিনন্দন ও নিরাপদ ব্রিজ হিসেবে উল্লেখ করে নগরের অন্য ঝুঁকিপূর্ণ স্থানেও এ ধরনের অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
জনপ্রতিনিধিদের দায়িত্ব প্রসঙ্গে মীর হেলাল বলেন, ‘এই দেশের প্রকৃত মালিক হচ্ছে ১৮ কোটি জনগণ। আর আমরা যারা সংসদ সদস্য বা মন্ত্রী, আমরা জনগণের সেবক। জনগণের সেবা করাই আমাদের দায়িত্ব।’
সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। এতে সভাপতিত্ব করেন শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মাহফুজুর রহমান। পরে নামফলক উন্মোচনের মাধ্যমে ফুটওভার ব্রিজটির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
প্রসঙ্গত, ২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটির দৈর্ঘ্য ৪২ মিটার, প্রস্থ ৮ ফুট এবং উচ্চতা ১৮ ফুট। আট মাসে এর নির্মাণকাজ শেষ হয়।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













