Cvoice24.com

পাঁচ দেশের অংশগ্রহণে চট্টগ্রামে আন্তর্জাতিক চিকিৎসা পর্যটন সম্মেলন

নিউজ ডেস্ক, সিভয়েস২৪
১৮:০৭, ১৪ নভেম্বর ২০২৬
পাঁচ দেশের অংশগ্রহণে চট্টগ্রামে আন্তর্জাতিক চিকিৎসা পর্যটন সম্মেলন

পাঁচ দেশের হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অংশগ্রহণে চট্টগ্রামে শুরু হয়েছে আন্তর্জাতিক চিকিৎসা পর্যটন সম্মেলন ‘২য় এমভিটি সামিট ২০২৬’। শনিবার (১৪ নভেম্বর) মহানগরের হোটেল দ্য পেনিনসুলায় চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের (সিএমটিএফ) উদ্যোগে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী চিকিৎসাসেবার প্রসার ও মানোন্নয়নে সিএমটিএফের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় বিশ্বমানের চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং রোগীদের সঠিক দিকনির্দেশনা প্রদানে এ ধরনের আন্তর্জাতিক উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।

অনুষ্ঠানে সিএমটিএফের সভাপতি আব্দুল আলিম রাজু, সহসভাপতি নুরুল আনোয়ার জীবন, আন্তর্জাতিক বিষয়ক সহসভাপতি দাঊদ আরমান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন মানিক ও সহসাধারণ সম্পাদক ওমর শরীফসহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালের প্রতিনিধি, বিশিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী অতিথিদের সঙ্গে নিয়ে সম্মেলনের বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।

আয়োজকরা জানান, এবারের সামিটে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন ও বাংলাদেশের বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সম্মেলনে ‘ডক্টরস টক’ সেশনের পাশাপাশি ব্যবসায়িক যোগাযোগ ও অংশীদারত্ব সম্প্রসারণে বিটুবি বৈঠকের আয়োজন করা হয়েছে।

এদিকে, রাতে সম্মেলনের অংশ হিসেবে অ্যাওয়ার্ড প্রদান ও গালা নাইট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেনের। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মো. আজিম আলী।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর